২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের দেহরক্ষীর মামলা প্রত্যাহার নয়: সাহারা

জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের দেহরক্ষীর তিনটি মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির করা সুপারিশ বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের দেহরক্ষীর তিনটি মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির করা সুপারিশ বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান। বিকাল ৫টা ২৬ মিনিটের পর স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হয়। সংরক্ষিত নারী আসনের আমিনা আহমেদ বলেন, "যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের দেহরক্ষী শীর্ষসন্ত্রাসী আকতার হামিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ছয়টি মামলা প্রত্যাহার করা হয়েছে। তা সত্য হলে কোন বিধিতে এবং কেন প্রত্যাহার করা হলো?" এর লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান, কক্সবাজার জেলার বিভিন্ন মামলার আসামি আকতার হামিদসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলা প্রত্যাহারে জেলা কমিটি সুপারিশসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কমিটির কাছে নথি পাঠায়। "তার মধ্যে তিনটি মামলা প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় কমিটি প্রাথমিকভাবে সুপারিশ করলেও বর্তমানে ওই প্রত্যাহার আদেশটি বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।" চারদলীয় আমলে ২৩০৩টি মামলা প্রত্যাহার সংরক্ষিত নারী আসনের সাংসদ মমতাজ বেগমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় (২০০১-২০০৮) ছয় হাজার আটশ ৩৩টি মামলা প্রত্যাহারের জন্য জেলা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এর মধ্যে মন্ত্রণালয় পাঁচ হাজার আটশ ৮৮টি মামলা সম্পূর্ণ প্রত্যাহার ও নয়শ ৪৫টি মামলা থেকে তিন হাজার ১০ জন আসামির নাম প্রত্যাহারের সুপারিশ করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই সময়ে সরকারের নির্বাহী আদেশের পর এ পর্যন্ত মোট দু হাজার তিনশ তিনটি ফৌজদারি মামলা আদালত কর্তৃক প্রত্যাহার করে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের সময়ে 'রাজনৈতিক হয়রানিমুলক' মামলা প্রত্যাহার সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি ২০০৯ সাল থেকে গত ৭ জুন পর্যন্ত ২৮টি সভায় মোট সাত হাজার ৩২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। "এর মধ্যে কতগুলো মামলা প্রত্যাহার হয়েছে পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। মামলা প্রত্যাহারের কার্যকম অব্যাহত রয়েছে।" নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকারের লিখিত প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান, চলতি অর্থবছরের ৩০ এপ্রিল পর্যন্ত সারাদেশে এক লাখ ৭২ হাজার ছয়শ ছয়টি গ্রেপ্তারি পারোয়ানা তামিলের অপেক্ষায় মুলতবি রয়েছে। এর মধ্যে জিআর এক লাখ সাত হাজার আটশ ১০টি, সিআর ৪২ হাজার সাতশ ৬৪টি এবং সাজা ২২ হাজার ৩২টি। আসামী আত্মগোপন বা পলাতক থাকা, বিদেশে অবস্থান করা, ঠিকানা পরিবর্তন করা ও বিভিন্ন পেশায় বিভিন্ন জায়গায় অবস্থান করায় গ্রেপ্তারি পারোয়ানা তামিল না হওয়ার কারণ বলে উল্লেখ করেন মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯২৭ ঘ.