সিরাজগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ পৌরসভা কার্যালয়ে দরপত্র জমা দেওয়া নিয়ে সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং দোকান, ক্লিনিক, ট্রাক ও মটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ রাউন্ড রাবার বুলেট ও ২০ রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা পৌরসভা কার্যালয়ে ১৮ লাখ টাকার একটি মাটিভরাট প্রকল্পের দরপত্র জমা দিতে গেলে তাদের বাধা দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় বিএনপির ৪ জন সমর্থককে মারপিট করা হয়।
বিএনপি নেতাকর্মীরা তখন পৌরসভা চত্বর থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর সংগঠিত হয়ে বাজার ষ্টেশন রোডে আওয়ামী লীগ নেতা ও চিকিৎসক হাবিবে মিল্লাত মুন্না'র পলি ক্লিনিক ও মোক্তারপাড়া রোডের কয়েকটি দোকানে ভাংচুর চালায়।
এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
প্রায় দেড় ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলে। আওয়ামী লীগ সমর্থক আব্দুল্লাহ, জনি, শাওন, মুক্তার, সোলেমান ও সোহাগ এবং বিএনপি সমর্থক মিল্লাত, লিটন, সুজন ও মুরাদসহ কয়েকজন আহত হয়। এ সময় ৫টি দোকান, পলি ক্লিনিকের চেম্বার, ২টি মটর সাইকেল, ১টি বাইসাইকেল ও ২টি ট্রাক ভাংচুর হয়।
আহতরা সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে হাবিলদার নজরুল ইসলাম, কনষ্টেবল আবু বক্কার এবং তিনি নিজে আহত হয়েছেন। দুপুর দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেখানে র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।
জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মুন্সী কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুবদলকর্মী মিল্লাতকে পৌরসভায় মারধরের বিষয়টি তাকে (কামাল উদ্দিনকে) মারধর করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা পলি ক্লিনিকে হামলা চালায়।
সিরাজগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানীউল হক অভিযোগ করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোকাদ্দেস আলী পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে তিনি পৌরসভাকে দলীয় কার্যালয়ে পরিণত করেছেন। মেয়রের ইঙ্গিতে বিএনপি নেতাকর্মীরা টেন্ডারবাজী করতে আসায় সংঘর্ষ বাধে।
অভিযোগ অস্বীকার করে পৌর মেয়র মোকাদ্দেস আলী বলেন, পৌরসভায় কোনো দল নেই। টেন্ডার দাখিলের সময় কার্যালয়ে ছিলাম না। আওয়ামী লীগের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৯১২ ঘ.
bdnews24