ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের মুদ্রাপাচার মামলায় আগামী ১৯ জুন যুক্তিতর্কের দিন ধার্য করেছে আদালত।
বুধবার এ মামলায় আরো তিন জনের সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্কের এ তারিখ ঠিক করেন ঢাকার তিন নম্বর বিশেষ জজ মোজাম্মেল হোসেন।
এদিন সাক্ষ্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব আব্দুর রব, সাবেক মহানগর হাকিম (বর্তমানে জেষ্ঠ্য সহকারী জজ) মুন্সী আব্দুল মজিদ ও মামলার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ।
ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন এ মামলাটি সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে গত ৬ জুন ২০০৯ এর পরিবর্তে ২০০২ সালের আইনে নতুন করে অভিযোগ গঠন করা হয়।
এ মামলায় কোকোর সঙ্গে সাবেক নৌমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনও আসামি।
এ মামলায় রাষ্ট্রপক্ষে ২৩ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য নেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা আবু সাঈদ ২০০৯ সালের ১৭ মার্চ রাজধানীর কাফরুল থানায় এ মামলাটি করেন।
এতে অভিযোগ করা হয়, সায়মনের সহায়তায় কোকো অবৈধ উপায়ে অর্জিত ৯ লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার এবং ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরে পাচার করেছেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কোকোকে গ্রেপ্তার করা হলেও ২০০৮ সালের মে মাসে পারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যান তিনি।
গত বছর ১৯ অগাস্ট তার পারোল বাতিল করে ৩১ অগাস্টের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কোকো না ফেরায় তাকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার শুরু করে আদালত।
সায়মনকেও এ মামলায় পলাতক দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৭০৯ ঘ.
bdnews24