২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলতাফ-হাফিজ মুক্ত

হরতালের সময় গ্রেপ্তার সাবেক দুই মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজউদ্দিন আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 10:10 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সময় গ্রেপ্তার সাবেক দুই মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজউদ্দিন আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন। হরতালের আগে গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের একটি মামলায় এ দুই বিএনপি নেতাকে বুধবার আদালতে হাজির করা হলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া জিন্নাহ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন খারিজ করে জামিন মঞ্জুর করেন। এ মামলায় ১০ দিন হেফাজতে (রিমান্ডে) নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানান গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে টানা ৩৬ ঘণ্টা হরতালের শুরুর দিন রোববার মহাখালীতে হরতালের সমর্থনে পিকেটিংয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়। হরতালে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার আরেকটি মামলায় সোমবারই জামিন পান তারা। আসামিপক্ষের আইনজীবী এম এ জলিল উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার আদালতের জামিন আদেশের পর কোর্ট হাজত থেকেই আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজউদ্দিন আহমেদকে মুক্তি দেওয়া হয়েছে।" তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধান সংশোধনের পরিকল্পনার প্রতিবাদে রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে হরতাল ডাকে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৬২৭ ঘ.