২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের সম্মেলন ১০-১১ জুলাই

দীর্ঘ পাঁচ বছর পর আগামী ১০ ও ১১ জুলাই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 07:49 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ পাঁচ বছর পর আগামী ১০ ও ১১ জুলাই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হবে। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে এক সংবাদ ব্রিফিংয়ে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন এই তারিখ ঘোষণা করেন। এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" সর্বশেষ ২০০৬ সালের ৪ এপ্রিল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পরপর কমিটি হওয়ার কথা থাকলেও এবার তা হচ্ছে ৫ বছর ৪ মাস পর। এতোদিন সম্মেলন না হওয়ার কারণ জানতে চাইলে সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বলেন, "দেশে জরুরি অবস্থা থাকায় সময়মতো সম্মেলন করা যায়নি। আর নির্বাচনের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতার কারণে আমরা চাইছিলাম, একটি সুন্দর সময়ে সম্মেলন করতে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০১৪৫ ঘ.