ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার বিরুদ্ধে শিগগির চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।
জামায়াতে ইসলামীর চার শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এম কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে মঙ্গলবার এ তথ্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থার ভারপ্রাপ্ত সমন্বয়ক এম সানাউল হক।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে ধানমন্ডিতে সেফহোমে জিজ্ঞাসাবাদের পর তিনি এ কথা বলেন সমন্বয়ক।
সানাউল হক বলেন, জিজ্ঞাসাবাদে দেওয়া জামায়াত নেতার জবাবে আমরা সন্তুষ্ট। এটা আমাদের তদন্তের অগ্রগতিতে কাজে লাগবে।
"জিজ্ঞাসাবাদে আমরা তাকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকা সংক্রান্ত বিভিন্ন পত্রিকার কাটিং, ভিডিও ক্লিপ, ওই সব অপরাধের সাক্ষীদের সাক্ষ্য দেখিয়েছি।"
জিজ্ঞাসাবাদে পাওয়া বিস্তারিত তথ্য ট্রাইবুনালে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
১৯৭১-এ কামারুজ্জামানের কার্যকলাপ ও তার বিরুদ্ধে আসা অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে সমন্বয়ক বলেন, "জবাবে তিনি কথা বলেছেন।"
সাংবাদিকরদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "জামালপুরের সরিষাবাড়ি, শেরপুর, ময়মনসিংহ এবং ঢাকার মিরপুরে মুক্তিযুদ্ধকালে কামারুজ্জামান গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেন।"
আরেক প্রশ্নের জবাবে সানাউল হক বলেন, "জিজ্ঞাসাবাদের সময় কামরুজ্জামানের ওপর নির্যাতনের অভিযোগ সত্য নয়। তার আইনজীবীরা এ ধরণের অভিযোগ আমাদের কাছে করেননি।"
জিজ্ঞাসাবাদ শেষে জামায়াত নেতার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, কামারুজ্জামানের ওপর নির্যাতন করা হয়েছে।
তিনি বলেন, সকালে গাড়ি থেকে নামার সময় তাকে ধাক্কা দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ কালে সেখানে উচ্চক্ষমতা সম্পন্ন বাতি জালিয়ে রাখা হয়েছে। এছাড়াও আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। ডায়াবেটিসের ওষুধ গ্রহণ করতে দেওয়া হয়নি।
এ সব ব্যাপারে ট্রাইব্যুনালে অভিযোগ করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার সকাল ৯টার দিকে জেল কর্তৃপক্ষ কামারুজ্জামানকে নিয়ে সেফ হোমে আসে। সেখানে পৌনে ১০টার দিকে স্বাস্থ্য পরীক্ষার পর ১০টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। মাঝে একঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ।
জিজ্ঞাসাবাদের সময় পাশের কক্ষে থাকছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আসা একজন চিকিৎসক এবং কামারুজ্জামানের আইনজীবী।
তদন্ত সংস্থার আবেদনে গত ১ জুন পুরাতন হাইকোর্ট ভবনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আরের অভিযুক্ত কাদের মোল্লাসহ এই দুই জামায়াত নেতাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় গত বছরের ১৩ জুলাই কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২২০ ঘ.
bdnews24