ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক স্বরাষ্ট্র সচিব জহুরুল ইসলামকে দুটি মামলায় হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর হাকিম হারুন অর রশিদ এ আদেশ দেন।
গত ৫ জুন হরতালের আগের দিন বিকেলে রাজধানীর কাঁটাবন এলাকায় একটি মিছিল থেকে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক আবদুল হক একটি মামলা করেন।
গত ৮ জুন আদালত এ মামলায় জহুরুলকে জামিন দেয়।
এ মামলায় ১০ জুন তারিখে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কারাফটক থেকে তেজগাঁও থানার দুটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
দুই মামলার একটি গত বছরের ২৯ নভেম্বর করেন ঢাকার মানিকদী এলাকার বাসিন্দা মো. রায়হান মিয়া। আরেকটি মামলা হয় গত ৬ জুন। হানিফ পরিবহনের গাড়িচালক চাঁদপুরের বাগাদি ইউনিয়নের বাসিন্দা মো. নুরুজ্জামান ওরফে মনা হত্যার জন্য আনোয়ারা পার্কের সামনে রাস্তায় বাসে অগ্নিসংযোগের অভিযোগে তেজগাঁও থানায় এই মামলা করেন।
ওই দুটি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ১০ দিন করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করে তেজগাঁও থানার পুলিশ। এর শুনানি হয় মঙ্গলবার।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জয়নাল আবেদিন হেফাজতের আবেদনে বলেন, রাজধানীর তেজগাঁও থানাধীন কাওরান বাজারের মাছবাজারের সামনে একটি গাড়ি ভাংচুর ও অগ্নিসযোগ করে সম্পদের ক্ষতিসাধন করেন জহুরুল। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আরেক মামলায় একই থানার পরিদর্শক তদন্তকারী কর্মকর্তা নূরে আযম মিয়া ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।
মঙ্গলবার আদালত দুই মামলায় হেফাজতের আবেদন নাকচ করেন ।
জহুরুলের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করলে আদালত উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন ও কেন্দ্রীয় কমিটির অপর সদস্য সাইদুর রহমান রয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজত নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
মহানগর হাকিম শাহাদাৎ হোসেন এই হেফাজতের আবেদন মঞ্জুর করেন।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তাদের হাজির করে ১৩ জুন হরতালে হাতবোমা বিস্ফোরণের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনে হেফাজত চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক সাদিক মজিবুর রহমান।
খোকনের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম শাহাদত হোসেন উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষে তিন দিনের হেফাজত মঞ্জুর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১৫৮ ঘ.
bdnews24