২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এবারো তিনি হ্যাঁ বলবেন'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রথমে 'অনেক কিছুই' মেনে নিতে চান না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংবিধান সংশোধন প্রশ্নে বিরোধী দলীয় নেতা এবারো বাধ্য হয়ে 'হ্যাঁ' বলবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রথমে 'অনেক কিছুই' মেনে নিতে চান না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংবিধান সংশোধন প্রশ্নে বিরোধী দলীয় নেতা এবারো বাধ্য হয়ে 'হ্যাঁ' বলবেন। মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ বর্ধিত সভায় সৈয়দ আশরাফ বলেন, "আওয়ামী লীগ দেশ ও জনগণের কল্যাণে যখন যা করতে চেয়েছে, তা বাস্তবায়ন না করে ঘরে ফেরেনি।" সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী আশরাফ বলেন, "বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া প্রথমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি মেনে নেননি। অনেক আন্দোলন ও রক্তক্ষরণের পর তা মেনে নিয়েছিলেন। ছবিযুক্ত ভোটার তালিকা- পরিচয়পত্র করতে তিনি রাজি ছিলেন না। পরে বাধ্য হয়ে রাজি হন। এবারো বাধ্য হয়ে তিনি 'হ্যা' বলবেন।" বিরোধী দল চাইলে আদালতের রায় মেনে নিয়ে সংসদে এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সম্পর্কে কথা বলতে পরে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "আমি আশা করবো বিরোধী দল এ সুযোগ গ্রহণ করে সরকারকে সহযোগিতা করবে। আমরা এখনো চাই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বিরোধী দলের কোনো প্রস্তাব থাকলে তারা তা সংসদে এসে উপস্থাপন করুক।" "এ ব্যাপারে হরতালের প্রয়াজন নেই। জানমালের ক্ষতি করার দরকার নেই," যোগ করেন তিনি। সর্বোচ্চ আদালত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, এখন আর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি রাকার কোনো সুযোগ নেই। এরপর গত ৮ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তিসহ ৫১টি সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটি। প্রধান বিরোধী দল বিএনপি শুরু থেকেই বলে আসছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা না থাকলে তারা আগামী নির্বাচনে অংশ নেবে না। সংবিধান সংশোধন কমিটির সুপারিশের প্রতিবাদে গত রবি-সোমবার সারাদেশে টানা ৩৬ ঘণ্টার হরতালও পালন করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এ বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, "বিশেষ কমিটি মাত্র তাদের রিপোর্ট দিয়েছে। এখনো এ বিষয়ে আলোচনার অনেক সুযোগ রয়েছে। সংসদীয় দলের আইন বিষয়ক কমিটিতে বিএনপির সদস্য রয়েছেন, সেখানে ও সংসদে এ বিষয়ে তারা আলোচনা করতে পারেন। এটি বিল আকারে যখন আসবে তখন এর সংশোধনীর ওপরও আলোচনা করতে পারবেন।" আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি পর্যালোচনার জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগ এই যৌথ বর্ধিত সভা ডাকে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ সভায় উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি জাঁকজমকের সঙ্গে পালনের ঘোষণা দিয়ে এ সম্পর্কে নেতা-কর্মীদের বিভিন্ন পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর প্রতিটি ওয়ার্ড ও থানায় রাস্তার মোড়ে মোড়ে ব্যানার বিলবোর্ড ও পোস্টার লাগানো হবে। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট আফজাল হোসেন, হাবিবুর রহমান সিরাজ, মৃণাল কান্তি দাস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, আসলামূল হক আসলাম, কামাল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২০৫৭ ঘ.