২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রৌমারীতে ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল, লাঠিপেটা

কুড়িগ্রামের রৌমারীতে নতুন ইউনিয়ন বিরোধী বিক্ষোভকারীরা ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল করায় পুলিশ তাদের লাঠিপেটা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 11:09 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

কুড়িগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের রৌমারীতে নতুন ইউনিয়ন বিরোধী বিক্ষোভকারীরা ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল করায় পুলিশ তাদের লাঠিপেটা করেছে। এ সময় অন্তত ৬০ জন আহত হয়েছে। পুলিশ দুই রাউন্ড গুলি ও ২০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। নতুন ইউনিয়ন তৈরির প্রক্রিয়ার বিরুদ্ধে এলাকাবাসী লাঠি মিছিলের ঘোষণা করায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ১৪৪ ধারা জারি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শওকত আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার দাঁতভাঙ্গা ও বন্ধবের ইউনিয়নের চারটি মৌজা নিয়ে চরশৌলমারী নামের নতুন একটি ইউনিয়ন গঠনের প্রক্রিয়া চলছে। এলাকার একটি পক্ষ নতুন ইউনিয়ন গঠনের পক্ষে। অপর একটি পক্ষ এর বিরোধী। নতুন ইউনিয়ন সৃষ্টির বিরোধীতাকারী বন্ধবের ইউনিয়নের পাখি উড়া এলাকার লোকজন মঙ্গলবার লাঠি মিছিল নিয়ে উপজেলা পরিষদ কার্যালয় ও থানা ঘেরাও এর কর্মসূচি ঘোষণা করে। এ প্রেক্ষিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত রৌমারী সিজি জামান হাই স্কুল, মহিলা কলেজ, ডিগ্রি কলেজ, বাজার এলাকা ও উপজেলা চত্ত্বর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এলাকায় মাইকিং করে ১৪৪ ধারা জারির বিষয়টি এলাকায় জানিয়ে দেওয়া হয় বলে জানান ইউএনও। তিনি জানান, ১৪৪ ধারা চলাকালে ৫ জনের বেশি মানুষের এক সঙ্গে চলাফেরা, মিছিল সমাবেশ নিষিদ্ধ থাকবে। চরশৌলমারী নামের নতুন ইউনিয়ন গঠনকে কেন্দ্র করে স্থানীয় জনতার মধ্যে কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে থানায় একাধিক মামলাও রয়েছে। রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মো. আব্দুল্লাহ বলেন, আমি যতটুকু জানি পাখিউড়ার জনগণ শান্তিপূর্ণ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও ইউনিয়ন বিভাজনের বিরুদ্ধে ইউএনও এবং ওসিকে স্মারকলিপি দিতে চেয়েছিলো। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে বন্ধবের ইউনিয়নের পাখিউড়া ও দাঁতভাঙ্গা ইউনিয়নের ইটালুকান্দা গ্রামের কয়েক হাজার মানুষ ১৪৪ ধারা ভেঙ্গে রৌমারী শহরে প্রবেশ করলে উপজেলা পরিষদ চত্বরে পুলিশ মিছিলে বাধা দেয় এবং লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ও ২০ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। এতে আহত হয় কমপক্ষে ৬০ জন। এদিকে একদল দৃর্বৃত্ত বিকাল ৩টার দিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) রৌমারী উপজেলা কার্যালয়ে হামলা চালায়। বাসদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকার দলীয় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে তাদের অফিসে ভাংচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। তিনি জানান, এসময় কলেজপাড়ায় সিজি জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মজিবর রহমানের বাড়ি ভাংচুর করা হয়। পাখিউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারের ভয়ে আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে পারছে না। রৌমারী থানার ওসি হরেশ্বর রায় জানান, ১৪৪ ধারা ভঙ্গের কারণে মিছিলকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতিতে বাসদ কার্যালয় ভাংচুরের কথা তিনি অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭০৮ ঘ.