২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুশীল সমাজ কোথায়, প্রশ্ন ফখরুলের

হরতালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার বিষয়ে সুশীল সমাজের নিশ্চুপ থাকা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 10:09 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার বিষয়ে সুশীল সমাজের নিশ্চুপ থাকা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, "এরকম একটি কালো আইন প্রয়োগ হচ্ছে, এর বিরুদ্ধে সুশীল সমাজের কোনো বক্তব্য নেই। তারা আজ কোথায়?" ফখরুল বলেন, বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদেন দমন-পীড়নের নতুন কৌশল হিসেবে ভ্রাম্যমাণ আদালত বসিয়েছিলো সরকার। বিএনপি-জামায়াতের ৩৬ ঘণ্টার হরতালে পিকেটিংয়ের সময় গ্রেপ্তারের পাশাপাশি এবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা দেওয়া হয় শতাধিক কর্মীকে। মানবাধিকার সংগঠন আইন-সালিশ কেন্দ্র এর সমালোচনা করেছে। ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, বিষয়টি বেআইনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইন অনুযায়ী এটি হয়েছে। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বদেশ পরিষদের আলোচনা সভায় ফখরুল বলেন, দেশের বিচার বিভাগে দলীয়করণ হয়েছে। অর্থনীতি ধ্বংস করা ফেলা হচ্ছে। সংবিধানকে তচনচ করে রাষ্ট্রের ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। "এভাবে বাংলাদেশকে একটি আশ্রিত রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে", বলেন তিনি। ভারতকে ইঙ্গিত করে বিএনপি নেতা বলেন, দেশের ৫৪টি নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে বাংলাদেশকে পরিবেশ বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ভারতে আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন হলে ভবিষ্যতে বাংলাদেশ মরভূমি হয়ে যাবে। ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা, পরবর্তীতে রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে অপসারণ এবং ওয়ান-ইলেভেন এক সূত্রে গাঁথা দাবি করে ফখরুল বলেন, "এসব ষড়যন্ত্রে আমাদের দেশের একটি বড় রাজনৈতিক দল জড়িত ছিলো। এটা দুর্ভাগ্যজনক।" এমএ মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান, শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সেলিম ভূঁইয়া, তাঁতি দলের সহসভাপতি মমতাজ উদ্দিন, আবদুল আউয়াল ঠাকুর প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬০৭ ঘ.