ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমরা যেন দুটি বড় দলের যাঁতাকলে- দেশের রাজনৈতিক পরিস্থিতি বোঝাতে গিয়ে এ মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেছেন, গণতন্ত্রের বিকাশে ছোট দলগুলোর বিকাশ হওয়া প্রয়োজন।
মঙ্গলবার ইসি সচিবালয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপের সঙ্গে সংলাপে জনতহবিল নিয়ে আলোচনার সময় এ মন্তব্য করেন তিনি।
জনতহবিল, গণপ্রতিনিধিত্ব আদেশের আরো সংশোধনসহ নানা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে ইসি।
নির্বাচনে দলগুলোকে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ সরবরাহের জন্য জনতহবিলের এ প্রস্তাব এনেছে ইসি।
সংলাপে শামসুল হুদা বলেন, "আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের মতো দলগুলো নিয়ে আমরা চিন্তা করছি না। প্রধান দুই দলের বাইরে ছোট ছোট দলগুলোর আরো বিকাশ ঘটাতে আমরা সহায়তা করতে চাই।"
"যেন দুটি দলের যাঁতাকলে পড়ে আছি আমরা। [ভোটের রাজনীতিতে] এ দুই পার্টি অনেক উপরে, আর নিচে ছোট ছোট দলগুলো কিলবিল করছে। এ থেকে মুক্ত যেন হতে পারি, সেজন্য ছোট দলগুলোকে কীভাবে সহায়তা করতে পারি, সে চেষ্টা করছি", বলেন তিনি।
ন্যাপ প্রতিনিধির এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশনে বর্তমান সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই।
"সরকারের কোনো আছর আমাদের মধ্যে নেই। তারা কোনো নির্দেশ দেন না, দেবার সাহসও নেই। দিলেও আমরা শুনতাম না", বলেন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নিয়োগ পাওয়া এ সিইসি।
হস্তক্ষেপ না থাকলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসি অবিশ্বাসে পড়েছে বলে মনে করেন তিনি।
শামসুল হুদা বলেন, "বিভাজিত রাজনীতির মধ্যে যত ভালো কাজই করি না কেন, কেউ বিশ্বাস করতে চায় না।"
ইভিএমের পক্ষে মত ন্যাপের
জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে সংলাপে মত দিয়েছে ন্যাপ।
নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবিত অধিকাংশ আইনের সঙ্গে একমত পোষণ করলেও দলগুলোকে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ সরাসরি না দিয়ে প্রচার সরঞ্জাম সরবরাহের সুপারিশ করেছে দলটি। এর আগে সিপিবিও একই প্রস্তাব তুলে ধরে।
ন্যাপের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য আমিনা আহমেদ বলেন, "আমরা ইভিএম ব্যবহারের পক্ষে। আধুনিক প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে।"
ইভিএমের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, তারা না বুঝে বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সাধারণ সম্পাদক এনামুল হকের নেতৃত্বে ন্যাপের ৭ সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে সংলাপে অংশ নেয়।
ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) সংসদীয় আসন ইসি প্রস্তাবিত ১০ এর পরিবর্তে ১৩-এ বেঁধে দেওয়ার প্রস্তাব রেখেছে ন্যাপ। নির্বাচনী আইনের আরো সংস্কার ও কমিশনার নিয়োগ নিয়ে ইসির সুপারিশেও একমত দলটি।
ন্যাপের পর বিকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৪৩০ ঘ.
bdnews24