সাভার, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত সামসুদ্দোহা খান মজলিশের স্ত্রী সেলিমা খান মজলিশকে জবাই ও ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে সাভার থানার পাশে দক্ষিণ পাড়া এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতের মেয়ে পপি আক্তার জানান, ভোরে সেলিমা খান দুই তলা বাড়ির ছাদে হাঁটাহাঁটি করছিলেন। বাড়ির মূল ফটক ও কলাপসিবল গেট বন্ধ ছিলো। এ সময় দুর্বৃত্তরা সেলিমার ওপর আক্রমণ চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "মায়ের চিৎকারে আমরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।"
সেলিমাকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সাভার মডেল থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এটি কোনো ছিনতাই কিংবা ডাকাতির ঘটনা নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৪৩ ঘ.
bdnews24