সুনামগঞ্জ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে নির্বাচনোত্তর সহিংসতায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত চার জনকে সুনামগঞ্জ সদর হাপাতাল ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার বিকেল ৫টার দিকে ইউনিয়নের আশাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন- প্রভা দেব (৫৫), প্রবীর দেব (৪২), প্রণয় দেব (৩৫) ও চন্দন দেব (৪০)।
ভোট না দেওয়ার জের ধরে সোমবার বিকেলে রঙ্গারচর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী অরুণ দাস আশাউড়া গ্রামের প্রভা দেব ও তার ভাইসহ পরিবারের অন্যদের উপর ওই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে প্রভা দেব ও তার ভাইসহ ১০ জন আহত হন।
আহত প্রভা অভিযোগ করেন, অরুণ দাস ও তার লোকজন বিকেলে বাড়িতে এসে তাদের কাছে ভোট না দেওয়ার কারণ জানতে চায়। তবে এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানালে তারা মারধর শুরু করে।
অবশ্য অরুণ দাস হামলার কথা অস্বীকার করেছেন। তার দাবি, ভোট না দেওয়া নিয়ে সামান্য কথাকাটাকাটি হয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি আতাউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংঘর্ষে আহতদের ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১০০ ঘ.
bdnews24