ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে ১২ শ' কোটি ডলার পাওয়ার চুক্তি থাকলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীর গতির কারণে সরকার অর্থ ব্যয় করতে পারছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, "আমি জানি না, আগামী অর্থ বছরে বরাদ্দের কী পরিমাণ অর্থ খরচ করা সম্ভব হবে। তবে সরকার এডিপির বেশিরভাগটাই বাস্তবায়ন করার চেষ্টা করবে।"
"আগামী অর্থবছরের সম্পূরক বাজেট যদি আর সংশোধন করতে না হতো- তা হতো একটি বড় অর্জন," যোগ করেন মুহিত।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকাল ৫টার পর দিনের কার্যসূচি শুরু হয়।
এডিপিতে বরাদ্দের পুরোটা কখোনোই বাস্তবায়ন সম্ভব করা সম্ভব না হলেও উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের পরিমাণ যে প্রতিবছরই বাছছে- তা স্বীকার করেছেন অর্থমন্ত্রীও।
২০০৯-১০ অর্থবছরের বাজেটে এডিপিতে ৩৪ হাজার কোটি ডলার বরাদ্দ করা হলেও শেষ পর্যন্ত ব্যয় হয় ৩১ হাজার কোটি ডলার। আর চলতি ২০১০-১১ অর্থবছরে এডিপিতে বরাদ্দের ৩৮ হাজার কোটি টাকার মধ্যে এ পর্যন্ত ব্যয় হয়েছে ৩৬ হাজার কোটি টাকা।
আগামী অর্থবছরের বাজেটে এডিপিতে ৪৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, "১২০০ কোটি ডলার ঋণের জন্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে ইতোমধ্যে আমাদের চুক্তি হয়েছে। কিন্তু আমরা অর্থ ব্যয় করতে পারছি না।"
বিদেশি সহায়তার অর্থ ব্যয়ের ক্ষেত্রে কর্মকর্তাদের প্রশাসনিক দায়বদ্ধতা ও দক্ষতা বাড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
"আমরা ১ শতাংশেরও কম সুদে ৩০ থেকে ৫০ বছরের জন্য এই বিদেশি ঋণ পাচ্ছি। সুতরাং এই অর্থ ব্যবহারের ক্ষমতাও আমাদের থাকতে হবে।"
২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "অনেকেই এই বাজেটকে উচ্চাভিলষী ও বড় ঘাটতিদর বাজেট বলছে। কিন্তু আমি এই বক্তব্যের কোনো ভিত্তি পাচ্ছি না।"
তিনি বলেন, সরকার বাজেট ঘাটতির বিষয়ে খুবই সতর্ক। যতোটা সম্ভব ঘাটতির পরিমাণ কমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।
গত তিনটি অর্থবছরে কখনোই ঘাটতির পরিমাণ জিডিপির ৫ শতাংশের বেশি হয়নি বলে উল্লেখ করেন মুহিত।
সরকারের রাজস্ব ব্যয় প্রতি বছরই বাড়বে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, গত ৪০ বছরে যে সম্পদ অর্জিত হয়েছে তার রক্ষাণাবেক্ষণের জন্যই সরকারকে এ অর্থ ব্যয় করতে হবে।
অর্থনৈতিক ক্ষতির পথ পরিহার করুন
'দেশের সম্পদহানি ও অর্থনৈতিক ক্ষতির পথ' পরিহার করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সোমবার জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনার শুরুতেই তিনি বলেন, "উদ্দেশ্যহীন, অর্থহীন সম্পদ নষ্ট করার রাস্তা দেশের জন্য মোটেই ভালো নয়।"
সংসদে এসে নিজেদের দাবি তুলে ধরার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমএইচসি/জেকে/১৯৫২ ঘ.
bdnews24