ইসলামী বিশ্ববিদ্যালয়, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় অন্তত পাঁচজন আহত হয়।
শনিবার সকালে হরতালের সমর্থনে ক্যাম্পাসে মিছিল বের করলে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদল হরতালের সমর্থনে ইবি'র প্রধান ফটক থেকে মিছিল বের করে। মিছিলটি শেখপাড়া বাজার ঘুরে এসে প্রধান ফটকে সমাবেশ শুরু করে।
ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করে।
এতে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং নেতাকর্মীরা একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এক পর্যায়ে ছাত্রলীগের সঙ্গে জাসদ ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দিয়ে ছাত্রদলকে পুনরায় ধাওয়া করে। এসময় ছাত্রদল ক্যাম্পাস থেকে বের হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
পরে ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগের নেতাকর্মীরা হরতালের বিপক্ষে ইবি প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে।
ছাত্রদলের ইবি শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিতে হামলা চালায়।
সংঘর্ষে ছাত্রদলের ইবি শাখার সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, সহ-সভাপতি রতন অধিকারী, দপ্তর সম্পাদক শাহেদ, বিপ্লবসহ পাঁচজন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২২৩৯ ঘ.
bdnews24