২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে বিএনপির ২শ নেতা-কর্মী গ্রেপ্তার: রিজভী

হরতালের আগে দেশের বিভিন্ন স্থানে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের আগে দেশের বিভিন্ন স্থানে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ ব্রিফিঙে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। একই সঙ্গে রাজধানীতে গাড়িতে আগুন দিয়ে হরতালকে ভিন্নভাবে চিত্রিত করার অপকৌশলও সরকার করছে বলে অভিযোগ তোলেন তিনি। রিজভী বলেন, "ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল মহানগর, পটুয়াখালী, বরগুনা, কুমিল্লা প্রভৃতি জেলায় ব্যাপক ধরপাকড় চলছে। পুলিশ নেতা-কর্মীদের বাড়ি-বাড়ি বেপরোয়া অভিযান চালিয়ে দুই শতাধিক গ্রেপ্তার করেছে। অনেক স্থানে কর্মীদের পরিবারের সদস্যদেরও মারধোর করেছে।'' তত্ত্বাবধায়ক সরকার বাতিলে সরকারের পরিকল্পনা এবং সংবিধান সংশোধনসহ বিভিন্ন দাবিতে রোববার থেকে ৩৬ ঘণ্টার জন্য সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামি। শনিবার সন্ধ্যায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়। রুহুল কবির রিজভী ব্রিফিঙে গ্রেপ্তারের একটি পরিসংখ্যান তুলে ধরেন। যেসব গ্রেপ্তার নেতা-কর্মীর নাম তিনি তুলে ধরেন সেগুলো হলো- মহানগর ঢাকার ৫৬ নং ওয়ার্ডে বিএনপি নেতা আবদুর রশিদ, তৌহিদুল ইসলাম বাবু, মোহাম্মদ টিপু,ফয়সল, জাহাঙ্গীর আলম, ফুল মিয়াসহ ২ নং ওয়ার্ডে সারফুদ্দিন আহমেদ, সিরাজ উল্লাহসহ ২৫ জন, তেজগাঁও থানা নাইমুর রহমান নাঈম, জাকির হোসেনসহ ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নজরুল ইসলাম, সুরুজ্জামান, মোহাম্মদ মাসুদসহ ১২ জন, মিরপুর দারুসসালাম থানায় মজিবুর রহমান, মোহাম্মদ হোসেনসহ নয়জন, মোহাম্মদপুর থানায় মোহাম্মদ হায়দার, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ পারভেজসহ সাতজন, পল্লবী থানায় মুনিরুজ্জামান মুনীরসহ ১১ জন, কাফরুল থানায় এহসান ইকবাল সোহাগসহ ১৩ জন এবং মিরপুর থানায় শামীম আহমেদ, আবুল কালামসহ ছয়জন। এছাড়া চট্টগ্রাম মহানগরে ছাত্রদল নেতা আলী মূর্তজা খান, ইব্রাহীম বাচ্চু, মোহাম্মদ তারিকসহ ২৫ জন, খুলনা মহানগরে বিএনপি নেতা জহিরুল ইসলাম জুয়েলসহ ১৭ জন ও বরিশাল মহানগরে ছাত্রদল নেতা মিল্টনসহ ১৬ জন, পটুয়াখালী জেলায় বিএনপি নেতা মামুন, আউয়াল আকনসহ ১৩ জন এবং বরগুনা জেলায় স্বেচ্ছাসেবক দলের নেতা সরোয়ার হোসেনসহ ১৩ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন রিজভী। ব্রিফিঙে রহুল কবির রিজভী বলেন,'' ধরপাকড় করে হরতালকে সরকার রুখতে পারবে না। ধরপাকড় ও সরকারে হুমকি-ধামকি সত্ত্বেও দলের নেতা-কর্মীরা হরতালে রাস্তায় থাকবে।'' এক প্রশ্নের জবাবে রিজভী জানান, গাড়ি পোড়ানোর ঘটনার সঙ্গে বিএনপির নেতা-কর্মীরা জড়িত নয়। গাড়িতে আগুন দেয়া কিংবা যাত্রীদের আগুনে পুড়িয়ে হত্যা করার কাজ বিএনপি করে না। হরতালের গণতান্ত্রিক এই কর্মসূচিকে ভিন্নভাবে চিত্রিত করতেই সরকারের এটি একটি অপকৌশল মাত্র।'' ব্রিফিঙে অন্যদের মধ্যে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯২৫ ঘ.