ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে মত দিলেও বিরোধী দলকে রাজি করিয়েই তা চালু করতে নির্বাচন কমিশনের প্রতি পরামর্শ দিয়েছেন সংবাদ মাধ্যম প্রতিনিধিরা।
শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে নির্ধারিত সংলাপে এ পরামর্শ দেন তারা।
কয়েকজন সম্পাদক বলেছেন, ভোটের নতুন প্রযুক্তির বিষয়টি দেখার আগেই বিরোধী দলের 'না' বলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
একই সঙ্গে বিরোধী মতের ইতিবাচক সাড়া পেতে ইসিকে আবার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন বেশিরভাগই।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদাও বলেছেন, জনগণকে সচেতনতা করতে ব্যাপক প্রচারণা বাড়াতে হবে। তা না করে এককভাবে কোনো কিছু করলে তা বুমেরাং হতে পারে।
শেরে বাংলা নগরে এনইসি মিলানায়তনে সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে এ সংলাপ।
সংলাপে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, "ইভিএম নির্বাচনে একটি সর্বোত্তম পন্থা। আধুনিক প্রযুক্তি ব্যবহারে অন্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে আমাদেরকেও এগোতে হবে। পিছিয়ে পড়ে থাকা ঠিক হবে না।"
সব বিষয়ে বিরোধী দলের 'না' সংস্কৃতি পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "দুঃখজনক বাস্তবতা হচ্ছে- সরকার বা ইসি কিছু বললেই তাতে আগে থেকে 'না' বলার সিদ্ধান্ত রয়েছে বিরোধীর। না দেখে, না বুঝে, না শুনে- আগাম সিদ্ধান্ত নেওয়া থেকে বেরিয়ে আসতে হবে।"
নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ জানান, নতুন এ প্রযুক্তি ব্যবহারের সময় নিতে হবে। স্বল্প সময়ে এটা করা ঠিক হবে না।
"বিরোধী দলের মত না থাকলে কোনো প্রক্রিয়াই গ্রহণযোগ্য হবে না। সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। বিরোধী দলকে সংলাপে আনার উদ্যোগ নিতে হবে।"
সময় স্বল্পতার কারণে দশম সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
এ সময় বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইফুর রহমান জানান, আগামী অগাস্টে ইভিএম তৈরির কার্যাদেশ পেলে দশম সংসদ নির্বাচনে ৩০০ আসনের জন্য তা প্রস্তুত রাখা সম্ভব।
ইভিএম ব্যবহারে ইসিকে একতরফা সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেন, 'বিরোধী দলের মত না থাকলে তা বাস্তবায়ন করা ডিফিকাল্ট হবে।"
সিইসি শামসুল হুদা জানান, বিএনপি ও তার শরীক দলের সংলাপসূচি নির্ধারিত রয়েছে। এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রত্যুত্তর আসে নি।
তিনি বলেন, "তাদের মত পেলে ভালোই হবে। বিরোধী দল ও তাদের শীর্ষ নেতারা ইসির কাছে এসেছে। কিন্তু রাজনীতি উত্তপ্ত হওয়ার কারণে আমরাও ভিকটিম হচ্ছি।"
রাজনৈতিক কারণেই তারা বিরোধিতা করছেন বলে মন্তব্য করেন শামসুল হুদা।
ইভিএম ব্যবহারে আগামী পাঁচ বছরে সংসদ ও স্থানীয় নির্বাচনে অন্তত ১ হাজার ৮৭ কোটি টাকা সাশ্রয় হবে জানিয়ে সিইসি বলেন, এতে ভোট শেষ হওয়ার পর সন্ধ্যার মধ্যে গণণা সম্পন্ন হবে।
১৩ জুনের নির্ধারিত সংলাপে বিএনপি না এলে আবার চিঠি দিয়ে ডাকার অনুরোধ করেন সকালের খবর সম্পাদক রশীদ উন নবী।
নির্বাচনী আইনে আরো সংস্কার, সীমানা পুননির্ধারণ আইন ও বিধি, নিয়োগ পদ্ধতি এবং জনতহবিল আইনের প্রস্তাবিত খসড়ায় অংশগ্রহণকারী গণমাধ্যম প্রতিনিধিরা একমত পোষণ করেন।
সংলাপে আরো অংশ নেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক শাহজাহান সরদার, সংবাদ সম্পাদক আলতামাশ কবীর, এবিসি রেডিও'র হেড অব নিউজ অ্যান্ড অপারেশন সানাউল্লাহ লাবলু, রেডিও টুডে'র যুগ্ম বার্তা সম্পাদক এম কামাল নাসের, দৈনিক ইনকিলাবের উপ সম্পাদক ইউসুফ শরীফ, ডেইলি স্টারের সহযোগী সম্পাদক শাহ হোসেন ইমাম প্রমুখ।
বিকালে দেশের বিশিষ্ট জনের সঙ্গে সংলাপের কথা রয়েছে।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মোহাম্মদ সাদিক, বুয়েটের আইআইসিটি পরিচালক অধ্যাপক লুৎফুল কবীর সংলাপে উপস্থিত ছিলেন।
গত ৭ জুন থেকে দেড় মাসব্যাপি এ সংলাপ শুরু হয়।
সিইসি নাখোশ
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি সর্বোচ্চ ৫ সদস্যের নির্বাচন কমিশনার নিয়োগের সুপারিশে 'নাখোশ' প্রধান নির্বাচন কমিশনার।
বিশেষ কমিটির কাছে ইতোমধ্যে তিন দফা সুপারিশের কিছু বিশেষ কমিটি রাখেনি বলে জানান তিনি।
শামসুল হুদা সংলাপে বলেন, "বিশেষ কমিটি সিইসি ও সর্বোচ্চ চার সদস্যের কমিশনার নিয়োগের সুপারিশ করেছে। এটা আমরা অনুরোধও করিনি। ইট ইজ ভেরি আনহ্যাপি। কারণ, এতো লোক নিয়ে হ-য-ব-র-ল লেগে যাবে। আমরা চাই- সিইসি ও নারী নির্বাচন কমিশনারসহ দুই সদস্য নিয়ে তিনজনের কমিশন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৬১৫ ঘ.
bdnews24