ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে 'স্পন্দনহীন' উল্লেখ করে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়াম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, অর্থনীতিতে গতি সঞ্চারের কোনো দিক নির্দেশনা এই বাজেটে নেই।
বাজেটের প্রতিক্রিয়ায় শুক্রবার এক বিবৃতিতে আমিনী বলেন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর চাপে সরকার বাণিজ্য উদারিকরণ ও বেসরকারিকরণের মাধ্যমে রাষ্ট্রের ভূমিকা কমিয়ে এনে দেশের বাজারকে আরো উন্মুক্ত তরে ফেলেছে।
বাজেটে সরকারের এই অসহায়ত্বেরই প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের জন্য ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী, যার আকার চলতি অর্থবছরের বাজেটের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।
চলতি অর্থবছরে ৬.৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হওয়ার কথা জানিয়ে মুহিত আশা প্রকাশ করেছেন, আগামী অর্থবছরে এই হার ৭ শতাংশে পৌঁছাবে।
এ বিষয়ে আমিনী তার বিবৃতিতে বলেন, "আগামী অর্থ বছর জিডিপির প্রবৃদ্ধি ৭% হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। কিন্তু মূল্যস্ফীতির উর্দ্ধগতি বজায় থাকলে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না।"
চাল-ডাল, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি শুল্ক বর্তমান পর্যায়ে রাখার মাধ্যমে বাজারদর সহনীয় রাখার চেষ্টাও কোনো সুফল বয়ে আনবে না বলে মনে করে তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২২১২ ঘ.
bdnews24