ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ৩৬ ঘণ্টার হরতালে বাধা দেওয়া হলে সরকারকেই তার দায় বহন করতে হবে বলে হুঁশিয়ার করেছে বিএনপি।
শুক্রবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "ভোটের অধিকার রক্ষাসহ বিভিন্ন দাবিতে আমাদের এই হরতাল কর্মসূচি হবে শান্তিপূর্ণ। সরকার যদি আমাদের এই গণতান্ত্রিক অধিকার পালনে বাধা দেয়, নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো হয়, তার দায় সরকারকেই বহন করতে হবে।"
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ে 'দমননীতির' পথ পরিহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বর্তমান সরকারের আমলে বিএনপি এ পর্যন্ত ৫টি হরতাল করেছে। সর্বশেষ হরতাল হয়েছে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত ৫ জুন। তবে টানা ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি এটিই প্রথম।
টানা কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, "বিরোধী দলের কোনো দাবির প্রতিই সরকার গুরুত্ব দিচ্ছে না। জনগণের ইচ্ছা ও আকাঙ্খা অনুযায়ী আমরা এই টানা কর্মসূচি ঘোষণা করেছি।"
ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।
'একদলীয় সংসদ, একদলীয় সংবিধান সংশোধনের বিশেষ কমিটির কার্যক্রম, সরকারের ব্যর্থতা ও অপশাসনের চিত্র' তুলে ধরে মির্জা ফখরুল লিখিত বক্তব্যে বলেন, ''এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে আন্দোলন জোরদার করা হবে।''
তিনি অভিযোগ করেন, সরকার আগামী নির্বাচনে নিজেদের ভরাডুবি আঁচ করতে পেরে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করতে চায়।
ফখরুল বলেন, একদলীয় বিশেষ কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার সংবিধান সংশোধন করতে চাচ্ছে। মানুষের কোনো সমস্যার সমাধান দিতে পারেনি তারা। এ অবস্থায় আন্দোলনের কোনো বিকল্প নেই।
গত ৫ জুন হরতালে পুলিশ ও র্যাব এর নির্যাতনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার বিরোধী দলকে গণতান্ত্রিক অধিকার পালনে বাধা দিচ্ছে। হরতালে মহিলা নেত্রীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।
অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুবউদ্দিন খোকন, মিজানুর রহমান মিনু, বরকত উল্লাহ বুলু, রহুল কবির বিজভী, সাংগঠনিক সম্পাদক গোলাম আকরর খন্দকার, আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান খান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দল সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান, ছাত্র দল সভাপতি সুলতান সালাউদ্দিন আহমেদ টুকু ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
এর আগে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের সভাপতিত্বে দলের এক যৌথ সভায় কর্মসূচি সফল করার বিষয় নিয়ে আলোচনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬০৫ ঘ.
bdnews24