মানিকগঞ্জ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে বিএনপি'র দুই পক্ষের সংঘর্ষে অন্তত দশ নেতা-কর্মী আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ওসমান (৩০), যুবদল কর্মী সাইফুল (২৮) ও কামালকে (২৮) মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান তার সমর্থকদের নিয়ে স্থানীয় বাজারে চায়ের দোকানে বসেন।
এ সময় জেলা যুবদলের সাবেক সভাপতি মোতালেব হোসেনও তার সমর্থকদের নিয়ে ওই দোকানেই চা খেতে যান।
এসময় দুই পক্ষের সমর্থকরা কথা কাটাকাটির সূত্র ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
জেলা বিএনপি'র রাজনীতিতে আতাউর রহমান এবং মোতালেব হোসেন দীর্ঘদিন ধরেই একে অপরের প্রতিপক্ষ। মোতালেব হোসেনের বাড়ি গড়পাড়া ইউনিয়নেই।
উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোতালেবের লোকজন অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। অস্ত্রের আঘাতে সদর উপজেলা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম-আহবায়ক ওসমান ও বেশ কয়েকজন আহত হয়।
অপরদিকে মোতালেব হোসেন বলেন, উপজেলা চেয়ারম্যানের লোকজন লোহার রড ও লাটিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে যুবদল কর্মী সাইফুল ও কামাল হোসেনসহ কয়েকজন আহত হয়।
সদর থানার ওসি আবু তাহের মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরুতর আহত তিনজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১৩৪ ঘ.
bdnews24