সংবিধান সংশোধনের সুপারিশ সংসদে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিষয়টিসহ ৫১টি সুপারিশ সম্বলিত সংবিধান সংশোধন প্রতিবেদন সংসদে উপস্থাপন করেছে বিশেষ কমিটি।
বুধবার রাত পৌনে ৮টার দিকে সংসদে ওই প্রতিবেদন উপস্থাপন শুরু করেন সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী। রাত সোয়া ৮টায় প্রতিবেদন উপস্থাপন শেষ হয়।
এ সময় স্পিকার আবদুল হামিদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অধিবেশনে উপস্থিত ছিলেন।
প্রতিবেদন উপস্থাপন শেষে তা আইন মন্ত্রণালয়ে পাঠাতে স্পিকারের প্রতি অনুরোধ জানান সাজেদা চৌধুরী।
প্রতিবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান স্পিকার।
সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির ১৫ সদস্যের স্বাক্ষরসহ ৪০ পৃষ্ঠার ওই প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বিশেষ কমিটির ৫১টি সুপারিশের মধ্যে তিনটি বিষয় (বিছমিল্লাহ রাখা.., রাষ্ট্রধর্ম ও ধর্মভিত্তিক রাজনীতি- ১, ৩ ও ১৭ নম্বর সুপারিশ) নিয়ে দুই সদস্যের আপত্তিসহ এ প্রতিবেদন উপস্থাপিত হয়।
কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত গত ৫ জুন সাংবাদিকদের জানান, সংবিধান সংশোধনের বিষয়ে সুপারিশ চূড়ান্ত হয়েছে।
৮ জুনের মধ্যে তা সংসদে উপস্থাপন করা হবে বলেও সেদিন জানান সুরঞ্জিত।
বিরোধী দলের বিষয়ে এখনো আশাবাদ
সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে বিরোধী দল সংসদে প্রস্তাব দিলে নতুন করে সিদ্ধান্তে পৌঁছানোর পক্ষে মত দিয়েছে সংবিধান সংশোধন কমিটি।
"তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে বিরোধী দল সংসদে এসে প্রস্তাব দিলে নতুনভাবে আলোচনা শুরু করে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে বলে কমিটি মত দিয়েছে।"
সংবিধান সংশোধনের আলোচনায় এখনো বিরোধী দল সংসদে এসে আলোচনায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেন সাজেদা।
তিনি বলেন, এ দেশটি আমাদের সবার, আর এ সংবিধান এ দেশের জনগণের। জনগণকে অবহিত রেখেই সংবিধান সংশোধনের কাজটি করা উচিত বলে কমিটির সদস্যরা বিশ্বাস করেন।
বিরোধীদলীয় নেতার উদ্দেশ্যে তিনি বলেন, "আমরা আশা করেছিলাম, সংসদ নেতা সংবিধান সংশোধন করার যে উদ্যোগ গ্রহণ করেছেন তাতে বিরোধী দল সাড়া দেবেন। কমিটিকে তিনি এবং তার দলের শীর্ষ নেতারা প্রস্তাব ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। কিন্তু তিনি বৈঠকে উপস্থিত হন নি, এমনকি বৈঠকে প্রতিনিধিও পাঠাননি।
"জাতি এখনো আশা করছে, বিরোধীদলীয় নেতা ও তার দলের সদস্যরা সংসদে উপস্থিত হয়ে সংবিধান সংশোধন আলোচনায় অংশগ্রহণ করে সুষ্ঠু রাজনৈতিক ধারার বিকাশে মূল্যবান অবদান রাখবেন।"
তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রসঙ্গে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ব্যবস্থাটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হলেও এটি গণতন্ত্রের পরিপন্থী ।
তিনি বলেন, নির্দলীয় তত্ত্বাধায়ক সরকারের বিধানটি অসহিষ্ণু রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানে একটি শান্তিপূর্ণ সমাধান ছিল।
"দলীয় সরকারের অধীনে পক্ষপাতদুষ্ট নির্বাচনের বিরুদ্ধে এদেশের জনগণের গণতান্ত্রিক সংগ্রামের ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বিধানটি অন্তর্ভুক্ত করা হয়।"
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে সাজেদা চৌধুরী বলেন, বিদ্যমান ব্যবস্থাটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হলেও এটি গণতন্ত্রের পরিপন্থী।
"সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছে আদালত। সুপ্রিম কোর্টের এ রায় মেনে নিয়ে এ ব্যবস্থার পরিবর্তে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার ধারা অব্যাহত রাখা শ্রেয় বলে কমিটির সদস্যরা সিদ্ধান্তে উপনীত হয়েছে।"
সাজেদা চৌধুরী বলেন, "তবে অসহিষ্ণু রাজনৈতিক সংঘাত এড়াতে বিরোধী দল সংসদে এসে সাংবিধানিক পন্থায় যে প্রস্তাব রাখবে তা নিয়ে নতুনভাবে আলোচনা শুরু করে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছা যেতে পারে বলে কমিটি মনে করে।"
সংবিধানের প্রারম্ভ, প্রস্তাবনা, অনুচ্ছেদ ২ক, অনুচ্ছেদ ৪, অনুচ্ছেদ ৪ক, অনুচ্ছেদ ৬, নতুন অনুচ্ছেদ ৭ক, নতুন অনুচ্ছেদ ৭খ, অনুচ্ছেদ ৮, অনুচ্ছেদ ৯, অনুচ্ছেদ ১০, অনুচ্ছেদ ১২,নতুন অনুচ্ছেদ ১৮ক, অনুচ্ছেদ ১৯, নতুন অনুচ্ছেদ ২৩ক, অনুচ্ছেদ ২৫, অনুচ্ছেদ ৩৮, অনুচ্ছেদ ৪২, অনুচ্ছেদ ৪৪, অনুচ্ছেদ ৪৭, অনুচ্ছেদ ৫৮ক, ২ক পরিচ্ছেদ অনুচ্ছেদ ৫৮ খ, ৫৮ গ, ৫৮ ঘ, ৫৯ ঙ, অনুচ্ছেদ ৬১, অনুচ্ছেদ ৬৫ অনুচ্ছেদ ৬৬, অনুচ্ছেদ ৭০, অনুচ্ছেদ ৮০, অনুচ্ছেদ ৮২, অনুচ্ছেদ ৯৩, অনুচ্ছেদ ৯৫, অনুচ্ছেদ ৯৬, অনুচ্ছেদ ৯৮, অনুচ্ছেদ ৯৯, অনুচ্ছেদ ১০০, অনুচ্ছেদ ১০১ ও ১০২, অনুচ্ছেদ ১০৩, অনুচ্ছেদ ১০৭, অনুচ্ছেদ ১১৬, অনুচ্ছেদ ১১৮, অনুচ্ছেদ ১২২, অনুচ্ছেদ ১২৩, অনুচ্ছেদ ১৪১ক, অনুচ্ছেদ ১৪২, অনুচ্ছেদ ১৪৫ক, অনুচ্ছেদ ১৪৭, অনুচ্ছেদ ১৫০ অনুচ্ছেদ ১৫২, প্রথম তফসিল, তৃতীয় তফসিল, চতুর্থ তফসিল, পঞ্চম তফসিল, ষষ্ঠ তফসিল ও সপ্তম তফসিল- সংবিধানের এসব বিষয়ে সংশোধন, সংযোজন, প্রতিস্থাপন, বিলুপ্ত, ও নতুন অন্তর্ভুক্তির সুপারিশ করে কমিটি।
রাশেদ খান মেনন ও হাসানুল হক ইন তিনটি বিষয়ে আপত্তি ছাড়া সব সদস্যই সার্বিক বিষয়ে ঐক্যমত পোষণ করেন।
সাজেদা চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু তবে ধর্মান্ধ নয়। রাষ্ট্রধর্ম ইসলাম হলেও সব ধর্মের অনুসারীরারা তাদের নিজ নিজ ধর্ম পালনে যাতে রাষ্ট্রীয় সম-অধিকার ও সম-সুযোগ প্রাপ্তি নিশ্চিত হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রেখে কমিটি সুপারিশ প্রণয়ন করেছে।
৭ মার্চের ভাষণ ও স্বাধীনতার ঘোষণা
৭ মার্চের গুরুত্ব অনুধাবন করে এ কমিটির সদস্যরা ১৯৭১ সালের ৭ মার্চের ওই [বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান] ভাষণ এবং এর ধারাবাহিকতায় পরবর্তী কার্যক্রম নেওয়ার নির্দেশনা তথা ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা করে বঙ্গবন্ধুর দেওয়া টেলিগ্রাম সংবিধানে অন্তর্ভুক্ত করতে কমিটি সুপারিশ করেছে বলে জানান সাজেদা চৌধুরী।
মুজিবনগর সরকারের ১৯৭১ সালের ১০ এপ্রিল জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে কমিটি।
কমিটিতে যারা ছিলেন
গত বছরের ২১ জুলাই প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রস্তাবে সংবিধান সংশোধনে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি মোতাবেক ১৫ সদস্য বিশিষ্ট বিশেষ কমিটি গঠন করা হয়।
এ পর্যন্ত ওই কমিটি ২৭টি বৈঠক করে প্রতিবেদন চূড়ান্ত করে। এর আগে পাঁচজন সাবেক প্রধান বিচারপতি, মূল সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট গণপরিষদ সদস্যসহ ১৮ জন আইন ও সংবিধান বিশেষজ্ঞ, ২৬ জন বুদ্ধিজীবী, গণমাধ্যমের সম্পাদক, সংসদে প্রতিনধিত্বকারী রাজনৈতিক দল ও সেক্টর কমাণ্ডারদের মতামত নেয় কমিটি।
বিশেষ কমিটির কো চেয়ারম্যান ও মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত, আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. রহমত আলী, সৈয়দ আশরাফুল ইসলাম, মো. ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আব্দুল মতিন খসরু, হাসানুল হক ইন, আনিসুল ইসলাম মাহমুদ, হাছান মাহমুদ ও শিরিন শারমিন চৌধুরী।
বিশেষ কমিটির কো-চেয়ারম্যান ও মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত সর্বশেষ বৈঠকে সাংবাদিকদের জানান, এ প্রতিবেদন সংসদে উপস্থাপনের পর পরই কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। কমিটির সুপারিশের এ প্রতিবেদন কীভাবে পরবর্তী আসবে, কবে বিল আকারে উঠবে এ বিষয়ে স্পিকারই সিদ্ধান্ত নেবেন।
স্পিকার আবদুল হামিদ ইতোমধ্যে জানান, পঞ্চদশ সংশোধনী সংসদে বিভক্তি ভোটের মাধ্যমে পাস হবে।
