ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধানে পশ্চিমা দেশগুলো যথেষ্ট আন্তরিক নয় বলে মনে করছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক।
তিনি বলেছেন, "পশ্চিমা বিশ্বের দেশগুলো মিয়ানমারের সমস্যা জিইয়ে রেখে বাংলাদেশকে বলছে, রোহিঙ্গাদের সাহায্য-সহযোগিতা বাড়াতে। তবে বাংলাদেশের মতো দরিদ্র দেশের পক্ষে রোহিঙ্গাদের বেশিদিন টানা সম্ভব হবে না।"
বুধবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী এরিখ শোয়ার্জ ও সহকারী উপমন্ত্রী কেলি ক্লিমেন্টের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
মাদক পাচার ও জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে রোহিঙ্গাদের জড়িত থাকার কথা তুলে ধরে রাজ্জাক বলেন, তাদের কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। রোহিঙ্গা আসাতে কক্সবাজার ও আশেপাশের এলাকায় দারিদ্র্য বেড়েছে।
মন্ত্রী জানান, বর্তমানে কক্সবাজারের দুটি শিবিরে ২৪ হাজার রোহিঙ্গা রয়েছেন। এছাড়া প্রায় আড়াই লাখ রোহিঙ্গা রয়েছে বাংলাদেশে।
যুক্তরাষ্ট্র সব রোহিঙ্গাকে নিবন্ধনের আওতায় আনার সুপারিশ করেছে। রাজ্জাক বলেন, "সব রোহিঙ্গাকে রেজিস্ট্রেশন দেওয়া হলে পরে আরো রোহিঙ্গা এলে তাদের কী করা হবে। এর একটি স্থায়ী সমাধান হওয়া উচিৎ।"
সোয়ার্জ রোহিঙ্গাদের পুষ্টিহীনতার বিষয়টি তুলে ধরায় এর জবাবে মন্ত্রী বাংলাদেশের ২৫ থেকে ৩০ শতাংশ মানুষের পুষ্টিহীনতায় তথ্য জানান।
রোহিঙ্গা সমস্যা সমাধানে পশ্চিমা দেশগুলোকে আরো তৎপর এবং জাতিসংঘ ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের এ বিষয়ে আরো মনোযোগ দেওয়ার আহ্বান জানান রাজ্জাক।
মিয়ানমারে সামরিক শাসকের নিপীড়নের শিকার রোহিঙ্গারা প্রায় দুই দশক আগে থেকে বাংলাদেশে ঢুকতে শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24