সাতক্ষীরা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক মহিলা ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ভাড়াশিমলা মোড়ে এ দুর্ঘটনায় নিহত হন শাওন সুলতানা (৪২)।
তিনি কালিগঞ্জের তারালী ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত আসন থেকে সদস্য নির্বাচিত হন।
শাওন কাঁকশিয়ালী গ্রামের আমির আলী শরীফের মেয়ে। যশোরের শার্শা থানায় কর্মরত পুলিশ কনস্টেবল গাজী মোস্তাক আহম্মদের স্ত্রী।
কালিগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দীন জানান, দুপুরে শাওন তার স্বামীর সঙ্গে কাঁকশিয়ালী গ্রামে তার বাবার বাড়ি যাচ্ছিলেন। ভাড়াশিমলা মোড়ে যাত্রীবাহী বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় শাওন গুরুতর আহত হন।
স্থানীয় নলতা হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মোটরসাইকেলটি পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে বলে ওসি জানান।
গত ৩১ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাওন সুলতানা ইউপি সদস্য নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৯ ঘ.
bdnews24