২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুক্তিগ্রাহ্য হলে বিএনপির প্রস্তাব এখনো গ্রহণযোগ্য'

বিএনপি সংসদে এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে 'যুক্তিগ্রাহ্য প্রস্তাব' দিলে তা 'এখনো' গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সংসদে এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে 'যুক্তিগ্রাহ্য প্রস্তাব' দিলে তা 'এখনো' গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান। সোমবার এক আলোচনা সভায় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "সর্বোচ্চ আদালতের রায় একটি আইন, এটি সবাইকে মেনে নিতে হয়। তবে এটা [তত্ত্বাবধায়ক ব্যবস্থা] যতটা সাংবিধানিক তার চেয়ে বেশি রাজনৈতিক। এর জন্য আলোচনা, মত বিনিময় ও সমঝোতা প্রয়োজন। "এখনো সংসদে এসে বিএনপি যে কোনো যুক্তিগ্রাহ্য সাংবিধানিক প্রস্তাব দিলে গ্রহণ করা হবে।" ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দুপুরে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ নামের একটি সংগঠনের ছয় দফা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সুরঞ্জিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকল্প কী হতে পারে সে বিষয়ে প্রস্তাব না দিয়ে হরতাল করায় বিরোধী দলের সমালোচনাও করেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত। তিনি বলেন, এই ইস্যু নিয়ে রাজপথে নয়, মীমাংসা হবে সংসদে। সংসদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। "সংসদে না গিয়ে হরতাল আহবান ফ্যাসিবাদী মানসিকতা। আমরা খোলা মনে যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে রাজি আছি।" সরকারের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল পরিকল্পনার প্রতিবাদে বিএনপি রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। সংসদকে পাশ কাটিয়ে 'অগণতান্ত্রিকভাবে' হরতাল ডেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে সুরঞ্জিত বলেন, উচ্চ আদালত যেটাকে অসাংবিধানিক বলেছে বিএনপির মত গায়ের জোরে আমরা সেটাকে সাংবিধানিক করতে পারি না। সুুুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে সরকার বা সংসদ যেতে পারে না। 'সংসদ যা চাইবে সেটাই হবে' সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গত রোববার প্রতিবেদন চূড়ান্ত করেছে। এ রিপোর্ট ৮ জুন সংসদে উত্থাপন করা হবে। "তবে এই রিপোর্টই শেষ বা চূড়ান্ত নয়। এক্ষেত্রে সংসদ যা চাইবে সেটাই হবে। সংবিধান সংশোধনে বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত আরো বলেন, "বিশেষ কমিটিতে বিরোধী দলের দুজনকে রেখেছিলাম। কিন্তু কমিটির বৈঠকে তারা আসেননি। বৈঠকে তারা কেন আসেননি তাও জাতির সামনে তারা পরিষ্কার করেনি।" সুরঞ্জিত বলেন, বিশেষ কমিটির সুপারিশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা বহাল রেখেছিলাম। প্রধানমন্ত্রীও কমিটির বৈঠকে এর পক্ষে সুপারিশ করেছিলেন। তবে সর্বোচ্চ আদালতের রায়ে এ ব্যবস্থাকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। "রায়ের মূল কথা, গণতন্ত্র ও অনির্বাচিত ব্যক্তির ক্ষমতা গ্রহণ একই সঙ্গে চলতে পারে না।" আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর শাখা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, নগর নেতা আব্দুল হক সবুজ, ওলামা লীগ নেতা ইলিয়াস হোসাইন বিন হেলালী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/পিডি/১৮৫৩ ঘ.

এ সম্পর্কিত আরো খবর