২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অর্থ পাচারকারীদের রাজনীতির নৈতিক অধিকার নেই'

দেশের অর্থ বিদেশে পাচারকারীদের রাজনীতি করার নৈতিক অধিকার নেই বলে মনে করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থ বিদেশে পাচারকারীদের রাজনীতি করার নৈতিক অধিকার নেই বলে মনে করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "৪০ বছর হয়ে গেছে। এখন রাষ্ট্রকে অনেক দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রের সম্পদ কম এই কথা বলে আর দায় এড়ানো যাবে না। রাষ্ট্রের সম্পদ কম হলেও এদেশে এখনো মানুষ ধনী হচ্ছে। "দেশ থেকে হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করছে, আবার তারাই রাজনীতি করছে। যারা এভাবে দেশের টাকা বিদেশে পাচার করে তাদের এ দেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই।" ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন না করে মানুষের মঙ্গল ও অধিকারের কথা বলার জন্যও রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান তিনি। পাঁচটি বেসরকারি সংস্থা 'বাংলাদেশের দলিত জনগোষ্ঠী : জীবন ও সংগ্রাম' শিরোনামের এ মতবিনিময় সভা আয়োজন করে। মিজানুর বলেন, "ভোট জালিয়াতি করে বাংলাদেশে আর কেউ রাষ্ট্রের ক্ষমতায় থাকতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ জেনে গেছে সব ক্ষমতা জনগণের হাতে।" জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য শিগগির জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে খাদ্য নিরাপত্তা আইন ও কর্মসংস্থানের নিরাপত্তা আইনের প্রস্তাব পাঠানো হবে বলে জানান কমিশন চেয়ারম্যান। সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী বলেন, "যারা ধর্মের কথা বলে কিন্তু মানুষকে ভালবাসে না তারা মানুষ নয়। ধর্মের নামে তারা অধর্মের সৃষ্টি করছে, এদের থেকে সাবধান থাকতে হবে।" অন্যদের মধ্যে প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক মেজবাহ কামাল প্রমুখ আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএল/পিডি/১৭৫৯ ঘ.