২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত কার্যালয় দখলের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

বরিশালের হিজলা উপজেলা জামায়াতের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 05:49 PM

Updated : 25 Apr 2022, 11:19 PM

বরিশাল, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলা উপজেলা জামায়াতের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কার্যালয়টি একসময় ছাত্রলীগের ছিল। বিগত সরকারের সময় জামায়াত ওটা দখল করেছিল। এদিকে হিজলা থানার ওসি রফিকুল হোসেন বলেন, হিজলায় জামায়াতের কোনো দলীয় কার্যালয় নেই। এখানে কোনো ভাংচুরও হয়নি। বরিশাল জেলা (পূর্ব) জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, তাদের হিজলা উপজেলা কার্যালয় ও শহীদ বাকিউল্ল্যাহ পাঠাগারে হামলাও ভাংচুর করে সেখানে ছাত্রলীগের সাইনবোর্ড টানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ছাত্রলীগ নেতাকর্মীরা পাঠাগার ও অফিসের ফ্যান, চেয়ার, টেবিল ভাংচুর, প্রয়োজনীয় কাগজপত্র তছনছ এবং মুল্যবান মালামাল লুট করেছে। উপজেলা জামায়াতের আমির বশিরউদ্দিন বলেন, কার্যালয়ের জমিটির দলিল শহীদ বাকিউল্যাহ পাঠাগারের নামে। সেখানেই উপজেলা জামায়াতের কার্যালয় করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে তিনি ঢাকায় আছেন। তাই হিজলায় কী ঘটেছে তা জানেন না। তবে তাদের উপজেলা কার্যালয়ে হামলার কথা শুনেছেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক আব্দুল হামিদ ও মো. জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা ও হিজলা কলেজ শাখা ছাত্রলীগ বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বরে হরতাল বিরোধী সভা করে। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে টেকেরহাট বন্দরে জামায়াতের কার্যালয়ে গিয়ে ভাংচুর করে। কার্যালয়ে থাকা মালামাল তারা নদীতে ফেলে দিয়ে সেখানে ছাত্রলীগের সাইনবোর্ড টানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.