চট্টগ্রাম, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সারাদিন শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ চললেও রোববার বিকালে হরতালের শেষ এক ঘণ্টায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।
বিকাল পৌনে পাঁচটার দিকে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়। তবে বিএনপি নেতাদের দাবি, পুলিশের হামলায় তাদের অন্তত ৫০ জন কর্মী আহত হয়েছে।
পুলিশ সারাদিনে নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে সাতজনকে।
বিকাল পৌনে পাঁচটার দিকে নাসিমন ভবনের সামনে বিএনপির সমাবেশ চলাকালে পিকেটাররা কয়েকটি অটোরিকশা ভাঙার চেষ্টা করে। পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ।
এ সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়ে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি কর্মীরা গাড়ি ভাঙচুর শুরু করলে আমরা বাধা দিই। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।"
এ ঘটনায় সাত পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
পরে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে পুলিশ নির্বিচারে লাঠিপেটা করে আমাদের নেতাকর্মীদের আহত করেছে।"
সংঘর্ষে বিএনপির নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি শামসুল আলম, সাবেক সাংসদ রোজী কবীরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিকেলে নাসিমন ভবন এলাকা থেকে বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া সকালে বহদ্দারহাট ও দেওয়ানহাট এবং বিকালে আন্দরকিল্লা এলাকা থেকে গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপি ও জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়।
বিকেলের সংঘর্ষের ঘটনা বাদ দিলে সারাদিন বড় কোনো গোলযোগ ছাড়াই হরতাল পালিত হয় চট্টগ্রামে। দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন সড়কে রিকশা ছাড়া কোনো ভারি যানবাহন চলাচল করেনি। তবে দুপুরের পর যান চলাচল বাড়তে থাকে।
এদিন চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন ও বিমান চলাচল স্বাভাবিক ছিল। চট্টগ্রাম বন্দরে পণ্যওঠানামার কাজ স্বাভাবিক থাকলেও কেনো ট্রাক পণ্য নিয়ে বাইরে যায়নি।
'শান্তিপূর্ণ' সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগর বিএনপি সোমবার বিকালে প্রতিবাদ সমাবেশ ডেকেছে। রোববার হরতাল শেষে এক সমাবেশ থেকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কর্মসূচি ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২১২৮ ঘ.
bdnews24