মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চদশ সংবিধান সংশোধনীর বিষয়ে সংসদে উপস্থাপনের জন্য প্রতিবেদন চূড়ান্ত করেছে বিশেষ কমিটি। ৫১টি সুপারিশের ৪৮টিতে কমিটির সদস্যরা একমত হয়েছেন।
সংসদের নবম অধিবেশনে ২০১১-১২ অর্থবছরের বাজেট পাশের আগের দিন সংবিধান সংশোধনীর প্রতিবেদন উপস্থাপন করা হবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা না রাখার বিষয়টি সংসদের হাতে ছেড়ে দিয়েছে কমিটি। এক্ষেত্রে বিশেষ কমিটি প্রতিবেদনে কোনো সুপারিশ না রেখে তা বিরোধী দলের মত পেতে 'আলোচনার জন্য খোলা' রাখা হয়েছে।
রোববার সংসদ ভবনে বিশেষ কমিটির ২৭তম ও শেষ বৈঠক শেষে কো-চেয়ারম্যান সুরিঞ্জত সেনগুপ্তসহ সংশ্লিষ্ট একাধিক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
গত বছরের ২১ জুলাই সংবিধান সংশোধনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে প্রধান করে ১৫ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়।
আদালতের রায় অনুসরণে প্রতিবেদন চূড়ান্ত করতে কমিটি ২৭টি বৈঠক করেছে। এর আগে সাবেক প্রধান বিচারপতি, আইনজ্ঞ, জ্যেষ্ঠ আইনজীবি, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট জন, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের মতামত নেয় কমিটি।
এছাড়া সার্বিক বিষয়ে অগ্রগতি জানিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করে তারা।
সর্বশেষ গত ৩০ মে সংসদ নেতার কার্যালয়ে চারঘণ্টাব্যাপী প্রধানমন্ত্রীর মতামত নেয় বিশেষ কমিটি।
বিএনপিকে বিশেষ কমিটিতে মতামত দিতে বারবার বলা হলেও তাতে সাড়া দেয়নি বিএনপি।
আপত্তি দু'সদস্যের
সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জানান, রাষ্ট্রধর্ম ইসলাম রাখা, বিছমিল্লাহ... রাখা ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ না করে পরিবর্তিত সুপারিশের বিষয়ে আপত্তি জানিয়েছেন তারা।
ইনু বলেন, "এ সুপারিশ বহাল রাখা হলে, এর মধ্য দিয়ে দেশের রাজনীতিতে ধর্মের প্রাধান্য থাকবে। সাংঘর্ষিক বিষয়ে আপত্তি রয়েছে আমাদের।"
'তত্ত্বাবধায়ক সরকারের পথ খোলা রাখা হয়েছে'
তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির হরতাল ডাকার সমালোচনা করেন কো-চেয়ারম্যান।
আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ও বাতিল ঘোষণা করায় বিশেষ কমিটির প্রতিবেদনে এ বিষয়ে কোনো সুপারিশ রাখা হয়নি।
সুরঞ্জিত বলেন, "তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি আমরা ওপেন রেখেছি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হরতাল পর্যন্ত হয়েছে। গণতন্ত্রে একটি বিষয় নিয়ে অনঢ় থাকা যাবে না।
"এটা (তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা) খোলা রাখা হয়েছে। সংসদই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ জন্য বিরোধী দল হরতালে যাবে তা আমরা আশা করি না।"
তিনি বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, রায় মেনে সংবিধান পরিপন্থী বা অসাংবিধানিক কিছু রাখা যাবে না। কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য, তাদের অন্য কোনো মডেল থাকলে, বিকল্প কিছু থাকলে সংসদে বলতে হবে। সংসদ যদি চায় তা করতে পারে।
সাবেক সাংসদ এবং কমিটির সদস্য আব্দুল মতিন খসরু বলেন, "বিএনপি'র জন্য দরজা খোলা রেখেছি আমরা। তারা মতামত দিলে এ বিষয়ে সংসদে তো বিবেচনা করতে পারে।"
আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার রাখার কোনো সুযোগ নেই- প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর তা রাখার কোনো সুযোগ আছে কি না? জানতে চাইলে রাশেদ খান মেনন বলেন, "রায় অনুযায়ী এটা তো বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু বিরোধী দল সংসদে এসে বলতে পারে। তখনই আলোচনার ভিত্তিতে তা সংস্কার করে বহাল রাখা সম্ভব।"
'প্রতিবেদনে মতদ্বৈততা কমেছে'
বৈঠক শেষে সুরঞ্জিত সেনগুপ্ত জানান, আগামী ৮ জুনের মধ্যে সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন সংবিধান সংশোধনের জন্য উপস্থাপন করা হবে।
"এটা আমরা বিল আকারে উপস্থাপন করছি না। প্রতিবেদন আকারে সুপারিশগুলো উত্থাপন করা হবে। স্পিকারই পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সংসদে উপস্থাপনের পর তা নিয়ে আলোচনা করতে পারেন সবাই।"
কী কী বিষয়ে প্রতিবেদনে সুপারিশ থাকছে? জানতে চাইলে তিনি বলেন, "প্রতিবেদনের কনটেক্সট আমি জানাতে পারবো না। সংসদে এলেই তা দেখা যাবে। সুপারিশগুলো সংসদ রাখতেও পারে, আবার না-ও রাখতে পারে। সার্বিক সংসদের ওপর ছেড়ে দিয়েছি।"
বিশেষ কমিটির সদস্যের মধ্যে সব বিষয়ে ঐকমত্য হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "রাজনৈতিক চিন্তা, আদর্শ, বাস্তবতা ও সমকালীন বিষয়ে একেক জনের একেক মত থাকতে পারে। মতদ্বৈততা, ভিন্ন মত থাকলেও আমরা যতটুকু সম্ভব তা কমিয়েছি।"
তিনি জানান, কোনো বিষয়ে আপত্তি (নোট অব ডিসেন্ট) থাকলেও প্রতিবেদনে তা থাকার দরকার নেই। কারণ চূড়ান্তভাবে সংসদে এলে আপত্তি দেওয়ার সুযোগ রয়েছে। বিল আকারে উপস্থাপনের পরই এ সুযোগ পাওয়া যাবে।
ইসি ৫ সদস্যের সুপারিশ ও রাষ্ট্রদ্রোহ
বিশেষ কমিটির সদস্য আব্দুল মতিন খসরু জানান, ইসির সদস্য সংখ্যা সর্বোচ্চ পাঁচ-এ নির্দিষ্ট করতে প্রতিবেদনে সুপারিশ রাখা হয়েছে।
জলবায়ু, নারীর আসন বাড়ানো ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে সুপারিশ রয়েছে বলে জানান এ সদস্য।
অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের জন্য রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় এনে শাস্তির সুপারিশ করা হয়েছে।
শেষ ব্রিফিং
সুরঞ্জিত জানান, বিশেষ কমিটির মুখপাত্র হিসেবে রোববারের বৈঠকের পরই তার শেষ ব্রিফিং। এ পর্যন্ত কমিটির কার্যক্রমে সহযোগিতা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।
বিশেষ কমিটি সংসদে প্রতিবেদন উপস্থাপনের পরই এ কমিটি বিলুপ্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৫৩ ঘ.
bdnews24