ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল 'প্রতিহত' করতে গিয়ে সরকার গোটা দেশকে একটি 'পুলিশ স্টেট'-এ পরিণত করেছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
রোববার বিকালে এক সংবাদ ব্রিফিঙে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির শেষ পর্যায়ে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিঙের আয়োজন করা হয়।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে প্রধান বিরোধী দল বিএনপি রোববার এ হরতাল ডাকে। একই ইস্যুতে তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামীও হরতালের ডাক দেয়।
হরতালের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ হরতাল অযৌক্তিক ইস্যুতে ডাকা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে প্রস্তাব সংসদে তুলে ধরতে বিরোধী দলের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন তিনি।
মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, "সরকার আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। আমাদের কোথাও দাঁড়াতে দেয়নি, প্রতিবাদ করতে দেয়নি। দলীয় কার্যালয়ে আমাদের নেতা-কর্মীদের পুলিশ ঢুকতে বাধা দিয়েছে। মহানগর ঢাকা আজ পুলিশ ও র্যাবের শহরে পরিণত হয়েছে।"
তিনি সরকারের এই আচরণের নিন্দা জানান।
ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, জনগণ যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল মানে না, তা এই হরতাল কর্মসূচি পালনের মাধ্যমে জানিয়ে দিয়েছে।
"এখন সরকারের উচিত হবে- তত্ত্ববধায়ক সরকার ইস্যুতে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া। যাতে গণতন্ত্রের যথাযথ চর্চা হয়।''
তা না হলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল রাখার দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণারও হুমকি দেন মির্জা ফখরুল।
সংবাদ ব্রিফিঙের শুরুতে পপগুরু আজম খানের মৃত্যুতে দলের পক্ষে শোক প্রকাশ করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ''আমরা এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
হরতালের আগে ও হরতাল চলাকালে কথিত পুলিশি গ্রেপ্তার-নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি আরো অভিযোগ করেন, সারাদেশে পুলিশ ও আওয়ামী লীগের 'পোষ্য সন্ত্রাসীরা' বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাদের মধ্যে অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ প্রসঙ্গে মির্জা ফখরুল আরো বলেন, হরতাল চলাকালে মহানগরীতে মিছিল করার সময় দলের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হানিফ, মহিলা নেত্রী সুলতানা আহমেদ, ইয়াসমীন আরা হক, রওশন আরা ফরি, রহিমা খন্দকার, মনোয়ারা বেগম, হাফিজ মোহাম্মদ নিলুসহ দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুরে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শ্যামপুর থানা বিএনপি নেতা মীর হোসেন মিরু, মিরপুরের কমিশনার আহসান উল্লাহ হাসান, কমিশনার আরিফের বাসায় পুলিশ-র্যাব তল্লাশির নামে 'ভয়ভীতি প্রদর্শন' ও মারধর করেছে।
শত শত নেতা-কর্মীর বিরুদ্ধে 'মিথ্যা মামলা' দায়ের করা হয় বলেও তিনি দাবি করেন।
সংবাদ ব্রিফিঙে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আবদুল হালিম, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুবউদ্দিন খোকন, রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংসদ আবুল খায়ের ভূইয়া, মহানগর সদস্য সচিব আবদুস সালামসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯১৬ ঘ.
bdnews24