২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল আতঙ্ক সৃষ্টি করছে: টুকু

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, বিরোধী দল হরতালের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 06:30 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, বিরোধী দল হরতালের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। বিএনপির হরতাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রোববার তিনি সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে প্রধান বিরোধী দল রোববার এ হরতাল পালন করছে। একই ইস্যুতে তাদের সঙ্গে জোটসঙ্গী জামায়াতে ইসলামীও হরতাল ডেকেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতাকে জনগণ ভয় পায়। হরতালে মহানগরবাসী আতঙ্কে রয়েছে। হরতাল উপেক্ষা করেই যানবাহন চলছে বলে দাবি করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে হরতাল ডাকা হয়েছে। শনিবার রাজশাহীতে হরতাল সমর্থনকারীরা আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ করে গুলি চালালে এক পুলিশ সদস্য আহতও হয়।" জনগণের জানমালের ক্ষতি করা বা গাড়িতে আগুন দেওয়ার বিষয়টিকে 'মুনাফেকী' আখ্যা দিয়ে তিনি বলেন, এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে মিছিলে বাধা দেওয়ার অভিযোগের প্রতিক্রিয়ায় টুকু বলেন, "রাজনৈতিক দলের অফিস প্রধান সড়কের পাশে শোভা পায় না। বিএনপির কার্যালয়ের সামনের সড়কটি গুরুত্বপূর্ণ সড়ক। দলীয় কার্যালয়ের সামনে মিছিল-মিটিং করলে যানবাহন চলাচল ব্যাহত হয়।" এ প্রসঙ্গে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ের বিষয়ে তিনি বলেন, সেখানে দলীয় কার্যালয়ের সামনে মিছিল-মিটিং হলেও কোনো অসুবিধা হয় না। গাড়ি চলাচলের জন্য ওই সড়ক তেমন একটা ব্যবহার করা হয় না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১২৩০ ঘ.