ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের লিফলেট বিলিতে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করতে বের হলে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা বাধা দিয়েছে। আমাদের হাত থেকে লিফলেট কেড়ে নেওয়া হয়েছে।"
দেশের বিভিন্ন স্থানে এভাবে বাধা দেওয়া হচ্ছে দাবি করে এর নিন্দা জানান তিনি।
নয়া পল্টনের পাশাপাশি জাতীয় প্রেসক্লাবের কাছে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে লিফলেট বিলির সময়ও বাধা দেওয়া হয় বলে অভিযোগ এসেছে।
মোশাররফ বলেন, "সরকার গণতান্ত্রিক অধিকার পালনেও বাধা দিচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছি, তাও করতে দেওয়া হচ্ছে না।"
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি।
ফখরুল বলেন, "হরতাল সামনে রেখে বিভিন্ন স্থানে আমাদের নেতা-কর্মীদের পুলিশ গ্রেপ্তার করছে। বাড়িতে তল্লাশিও চালানো হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫০০ ঘ.
bdnews24