২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিএনপি নেতাদের একজোট হওয়ার আহ্বান

চট্টগ্রাম নগর বিএনপির নেতাদের একজোট হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কালাম খান বলেছেন, বিভেদ ভুলে আন্দোলন করতে না পারলে সরকারের ষড়যন্ত্রে টিকে থাকা সম্ভব হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 06:38 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগর বিএনপির নেতাদের একজোট হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কালাম খান বলেছেন, বিভেদ ভুলে আন্দোলন করতে না পারলে সরকারের ষড়যন্ত্রে টিকে থাকা সম্ভব হবে না। শুক্রবার বিকেলে চট্টগ্রামের একটি হোটেলে 'মুক্তিযুদ্ধ, শহীদ জিয়া ও সংবাদপত্রের স্বাধীনতা' শীর্ষক আলোচনা সভা ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান ও চট্টগ্রাম বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা গত ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামে আলাদাভাবে কর্মসূচি পালন করে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমন্বয় পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, "সরকারকে হটাতে আন্দোলন নয়, বিপ্লব করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এখন গণঅভ্যুত্থানের প্রয়োজন দেখা দিয়েছে।" সভাপতির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ও মধ্যবর্তী নির্বাচন এখন জনগণের দাবি।" এ জন্য ৫ জুন হরতাল সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী মাযহারুল ইসলাম দোলন, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/০০০১ ঘ.