২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট নয়, হরতাল সরকারের বিরুদ্ধে: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, রোববারের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সুপ্রিম কোর্ট নয়, বর্তমান সরকারের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 08:56 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, রোববারের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সুপ্রিম কোর্ট নয়, বর্তমান সরকারের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাপিত এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মওদুদ একথা বলেন। শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের সিদ্ধান্তের জন্য বর্তমান সরকারকে মাশুল দিতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সাংস্কৃতিক একাডেমীর উদ্যোগে 'বাংলাদেশের সোনালী অর্জনে জিয়া এবং বিএনপি' শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মওদুদ আহমদ বলেন, এই পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত দিয়ে প্রধানমন্ত্রী পরিকল্পিতভাবে সংঘাতের রাজনীতিকে সামনে নিয়ে এসেছেন। দেশে সৃষ্টি করেছেন রাজনৈতিক সঙ্কট। প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাবে মওদুদ জানান, রোববারের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সুপ্রিম কোর্ট নয়, বর্তমান সরকারের বিরুদ্ধে। বৃহস্পতিবার নিলয়-নিটল এবং আইপিএসএসএল গ্র"পের প্রতিনিধি ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি বিএনপির রোববারের হরতাল সুপ্রিম কোর্ট না সরকারের বিরুদ্ধে ডাকা হয়েছে- তা নিয়ে বিএনপির কাছে প্রশ্ন রাখেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে সাবেক আইন মন্ত্রী মওদুদ আহমদ বলেন, সুপ্রিম কোর্টের রায় সংসদ কিংবা জনগনের ওপর বাধ্যতামূলক নয়। সংবিধানের ১১১ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে- সুপ্রিম কোর্টের রায় হাইকোর্টের ওপর এবং হাইকোর্টের রায় নিু আদালতের ওপর পালনীয় হবে। তাই সুপ্রিম কোর্টের রায় মেনে নেয়া ছাড়া উপায় নেই- প্রধানমন্ত্রীর এই ধারণা সঠিক নয়। যারা প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন- তারা ভুল পরামর্শ দিয়েছেন। সরকার ও সংসদে বিশেষ কমিটির দ্বৈত ভূমিকার সমালোচনা করে মওদুদ বলেন, একদিকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সরকার। আবার তারা বিএনপিকে বলছেন, মতামত থাকলে সংসদে এসে বলুন। এটা তামাশা ছাড়া কিছুই নয়। সাবেক আইন মন্ত্রী জোরালো ভাষায় বলেন, সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাই আগামীতে আবার ক্ষমতায় আসতে আদালতের দোহাই দিয়ে নির্বাচনের নিরপেক্ষ পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তারা। ভেবেছে ওই পদ্ধতি বাতিল করে নিজের সরকারের অধীনে নির্বাচন করে আবার ক্ষমতায় যাবে। এটা তাদের ভুল স্বপ্ন। আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। আওয়ামী লীগের অধীনে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না, বলেন তিনি। সুপ্রিম কোর্টের বিদায়ী প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সমালোচনা করে মওদুদ বলেন, তিনি সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানকে বির্তকিত করেছেন। ৫ম,৭ম এবং ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দিয়ে সুপ্রিম কোর্টকে জনগনের মুখোমুখি দাঁড় করিয়েছেন। রায় দেখে বোঝা যায় সুপ্রিম কোর্ট সরকাররের এজেন্ডা বাস্তবায়নে জড়িত হয়েছে। সাবেক আইন মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের আইন প্রণয়নের কোনো ক্ষমতা নেই। সংসদ আইন প্রণয়ন করে থাকে। তাই সার্বভৌম সংসদের ওপর আদালতের রায় নির্দেশিত ও বাধ্যতামূলক নয়। দেশের বর্তমান পরিস্থিতিকে সঙ্কটজনক অভিহিত করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকার জনগনের কোনো সমস্যার সমাধান দিতে পারবে না। দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতি আগামীতে আরও বাড়বে। বেকার মানুষের সংখ্যা বাড়বে। দেশে কোনো নতুন বিনিয়োগ নেই। এভাবে সরকার দেশকে অস্থিতিশীল করে দিচ্ছে। অবসরপ্রাপ্ত মেজর এম এ মেহবুব রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি-মতিন) আবু নাসের মো. রহমাতুল্লাহ, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, হুমায়ুন কবির ব্যাপারী বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪৫২ ঘ.