ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে 'আইন-শৃঙ্খলা রক্ষা সমন্বয় সেল' স্থাপন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার স্বাক্ষরিত এক পরিপত্র জারির পর আজ বৃহস্পতিবার থেকে এর কার্যক্রম শুরু হয়েছে।
পরিপত্রে ২-৫ জুন পর্যন্ত সেলের দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একজন উপ-সচিব এ সেলের দায়িত্বে থাকবেন।
পরিপত্রে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র সচিব আইন-শৃঙ্খলা রক্ষা সমন্বয় সেলের কার্যক্রম সার্বিকভাবে তদারকি করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (রাজনৈতিক) সেলের কার্যক্রম তত্ত্বাবধান করবেন এবং তাকে সহযোগিতা করবেন উপ-সচিব (রাজনৈতিক-২)।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন। প্রাপ্ত তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করে যুগ্ম-সচিবকে (রাজনৈতিক) অবহিত করতে বলা হয়েছে পরিপত্রে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৮৫৮ ঘ.
bdnews24