চট্টগ্রাম, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার শোকর্যালি বের করে চট্টগ্রাম মহানগর বিএনপি।
বিকাল সাড়ে চারটায় নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
কেন্দ্রীয় বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
৫ জুনের হরতাল সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান শাহাদাত।
সমাবেশে প্রধান অতথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ও নগর মহিলা দল সম্পাদক রোজী কবির বলেন, দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে।
তিনি দবি করেন, দেশের মানুষ এই সরকারকে আর চায় না। মধ্যবর্তী নির্বাচন এখন জনগণের দাবি।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুবদল নেতা কাজী বেলাল, ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমসি/এইচএ/১৮৩৪ ঘ.
bdnews24