সরকারি ক্রয়ে দুর্নীতি বন্ধ করবে ই-জিপি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিওরমেন্ট ওয়েব পোর্টালের মাধ্যমে সরকারি ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধ করা সম্ভব।
তিনি বৃহস্পতিবার বলেন, সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ওয়েব পোর্টাল সময়োপযোগী সংযোজন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ওয়েব পোর্টালের (ই-জিপি) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "ই-জিপি চালুর মাধ্যমে সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। বন্ধ হবে ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতি।"
দরপত্রের সব কাজ অনলাইনে
ই-জিপি ওয়েব পোর্টালের আওতায় ই-টেন্ডারিংয়ের মাধ্যমে ঠিকাদার নিবন্ধন, দরপত্র আহ্বান, দরপত্র দাখিল, দরপত্র উন্মুক্তকরণ, মূল্যায়ন, অনুমোদন ও কার্যাদেশ প্রদানসহ দরপত্র সংক্রান্ত সব কাজ অনলাইনে করা হবে।
প্রাথমিকভাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ অধিদপ্তরে এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এই ই-টেন্ডারিং চালু হচ্ছে। মোট সরকারি ক্রয়ের প্রায় ৮০ শতাংশই এ চারটি সংস্থা করে। অন্যান্য সংস্থারও এ পোর্টাল ব্যবহারের সুযোগ থাকবে।
ই-টেন্ডারিয়ে ই-পেমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য সাতটি ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। এছাড়া প্রশিক্ষণ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
'তথ্য উন্মুক্ত থাকলে দুর্নীতি কমে'
দুর্নীতি দূর করাকে সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে হাসিনা বলেন, "তথ্য উন্মুক্ত থাকলে দুর্নীতি কমে আসে। কেউ দুর্নীতি করলেও তা প্রকাশ পেয়ে যায়। ফলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সহজ হয়।"
বার্ষিক উন্নয়ন কর্মসূচির শতকরা প্রায় ৭৫ ভাগ অর্থ ব্যয় হয় সরকারি ক্রয় কার্যক্রমে। এর আওতায় পণ্য ও সেবা ক্রয় করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, "বাজেটের এ অর্থের যোগানদাতা দেশের জনগণ। তাই ক্রয়কৃত পণ্য ও সেবার গুণগত মান এবং অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার জনগণের কাছে দায়বদ্ধ।"
সরকারি সব ধরনের কেনাকাটায় সরকারি ক্রয় আইন ও বিধিমালা প্রয়োগ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
ই-জিপি'র মাধ্যমে দরপত্র প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ইয়াফেজ ওসমান এবং বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন।
স্বাগত বক্তব্য রাখেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল কমিটির (সিপিটিইউ) মহা-পরিচালক অমূল্য দেবনাথ।
