ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে হরতাল ডাকা হয়েছে দাবি করে এ বিষয়ে সংসদে বক্তব্য তুলে ধরতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
"বিষয়টি আলোচনাধীন। কিন্তু একে ইস্যু করে বিরোধী দলের হরতাল আহ্বানে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে", বলেন প্রতিমন্ত্রী।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে বিএনপি ৫ জুন দেশব্যাপী হরতাল ডেকেছে। দেশকে অকার্যকর ও গণতন্ত্র ধ্বংস করার জন্য এ হরতাল ডাকা হয়েছে বলে মন্তব্য করেন টুকু।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, "এই বিষয়টি (তত্ত্বাবধায়ক সরকার) বাতিলের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করা হয়নি। বিষয়টি আলোচনাধীন রয়েছে। কিন্তু এটাকে ইস্যু তৈরি করে বিরোধী দল হরতাল আহ্বান করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে।"
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক সময়ে রাজপথে আওয়ামী লীগের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেওয়া হলে টুকু বলেন, "আওয়ামী লীগ সব সময় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন করেছে এবং সব সময় সফল হয়েছে। বর্তমান বিরোধী দল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নামে প্রহসন করছে এবং সুনির্দিষ্ট কর্মসূচি ছাড়াই হরতাল ডেকে যাচ্ছে।"
বর্তমান সরকারের আড়াই বছরে এটি বিএনপির পঞ্চম হরতাল। বিএনপি নেতাদের বক্তব্য, তাদের শাসনামলে এর চেয়ে বেশি হরতাল ডেকেছিলো আওয়ামী লীগ।
বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীর হরতাল ডাকার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত কখনোই আলাদা ছিলো না। আগের হরতালগুলোতেও জামায়াতের সমর্থন ছিলো।
হরতালে বাধা দেওয়ার বিষয়ে বিএনপির হুঁশিয়ারির জবাবে তিনি বলেন, "তারা হরতালের প্রস্তুতি নেবে আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হরতালে অরাজকতা ঠেকাতে কাজ করে যাবে।
"হরতাল করা যেমন গণতান্ত্রিক অধিকার, তেমনি জনগণের গণতান্ত্রিক অধিকার রয়েছে নিরাপদে থাকা ও চলাচলের। মারমুখী হরতাল হরতালের নীতিবিরোধী", বলেন প্রতিমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/১৫২০ ঘ.
bdnews24