২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন খালেদার

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ শাখা এ প্রদর্শনীর আয়োজন করে। বৃহস্পতিবার দুপুর ১টায় ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন খালেদা। প্রদশর্নীতে জিয়ার শতাধিক আলোকচিত্র রাখা হয়েছে। ১৯৮১ সালের ৩০ শে মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রাম সার্কিট হাউজে এক দল সেনার গুলিতে নিহত হন নিহত হন জিয়া। বিএনপি ওই দিনকে তার 'শাহাদত দিবস' হিসেবে পালন করে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ দপ্তর সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানী, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম উপস্থিত ছিলেন। প্রদর্শনীর উদ্বোধন শেষে খালেদা চতুর্থ দিনের মতো রমনা, সূত্রাপুরের বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন। তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহানগর সদস্য সচিব আবদুস সালামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বিকালে শ্যামপুর, যাত্রাবাড়ী, ডেমরা ও খিলগাঁওয়ের ২০টি স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণের কথা রয়েছে। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৩০ মে থেকে দুস্থদের মাঝে চারদিনের খাবার বিতরণ কর্মসূচি শুরু করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/আরএ/১৫০৯ ঘ.