২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে প্রতিপক্ষের ভোটারদের হুমকির অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করতে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

নড়াইল, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করতে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। একই প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনেরও অভিযোগ করেন তার এক প্রতিদ্বন্দ্বী। চেয়ারম্যান পদপ্রার্থী এসএম খাজা নাজিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমান সমর্থিত প্রার্থী ফরিদ সিকদারকে ভোট দেওয়ার জন্য ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। চেয়ারম্যান লোকজন নিয়ে প্রতিদিন তার কর্মীদের হুমকি দিচ্ছেন, নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন। এছাড়া প্রায় প্রতিরাতে শতশত লোক ফরিদ সিকদারের পক্ষে নির্বাচনী মিছিল করে আচরণবিধি লঙ্ঘন করছে বলেও তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে তিনি রিটানিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন বলে জানান। অভিযোগ অস্বীকার করে শামীমুর রহমান বলেন, "খাশিয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কে জয়লাভ করলো, আর কে হারলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নেই।" খাশিয়াল, জয়নগর ও কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা কিংকর চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।" জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, "নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" আগামী ১৯ জুন নড়াগাতি থানার খাশিয়াল, জয়নগর,কলাবড়ীয়া, মাউলী, বাঐসোনা ও পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/১৯৫২ ঘ.