২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক ইস্যুতে প্রধানমন্ত্রী 'ইউ টার্ন' করলেন: ফখরুল

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার সপ্তাহের মাথায় 'ইউ টার্ন' করলেন- এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার সপ্তাহের মাথায় 'ইউ টার্ন' করলেন- এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিঙে এ হরতাল কর্মসূচি ঘোষণার সময় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, "গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কাছে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছিলেন। এর মাত্র চার সাপ্তাহ পর সেই অবস্থা থেকে একবারের ইউ টার্ন করে সাবেক প্রধান বিচারপতির সঙ্গে সুর মিলিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারকে 'অবৈধ ও অসাংবিধানিক' বললেন। এবং ' এই ব্যবস্থা বহাল রাখার আর কোনো সুযোগ নাই' বলে সিদ্ধান্ত দিলেন।" এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, সুপ্রিম কোর্টের এয়োদশ সংশোধনী বাতিলের রায়টি ছিল দ্বিধা-বিভক্ত রায়। ভারপ্রাপ্ত মহাসচিব আরো দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকার একটি মীমাংসিত বিষয়। এ নিয়ে কোনো বিতর্কও ছিলো না। এই 'মীমাংসিত' রাজনৈতিক ইস্যুতে রায় দেওয়ার এখতিয়ার আদালতের আছে কি না তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "সুপ্রিম কোর্টের এই রায় জনগণ ও সংসদ মানতে বাধ্য নয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৫ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না রাখার পক্ষে অবস্থানের কথা ইতোমধ্যে জানিয়েছে সরকারি দল। বিএনপির এর প্রতিবাদ জানিয়ে আসছে। তারা ঘোষণা দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে আগামী নির্বাচনে যাবে না তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, আদালতের রায়ের পর তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা রাখার আর সুযোগ নেই। সরকারি দলের এ অবস্থান জানার পর মঙ্গলবারই দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর চারদলীয় জোট শরিকদের সঙ্গেও কথা বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮০০ ঘ.