২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ জুন জামায়াতেরও হরতাল

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৫ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে চার দলীয় জোটের আরেক শরিক জামায়াতে ইসলামী। প্রধান বিরোধী দল বিএনপিও ওই দিন একই কারণে হরতাল ডেকেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 11:51 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৫ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে চার দলীয় জোটের আরেক শরিক জামায়াতে ইসলামী। প্রধান বিরোধী দল বিএনপিও ওই দিন একই কারণে হরতাল ডেকেছে। বুধবার বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম হরতালের ঘোষণা দেন। তবে আগামী ৫ জুন যেসব এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা সেসব এলাকা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি। তিনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে এবং মঙ্গলবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, সুপ্রিমকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় এ পদ্ধতি রাখার আর কোনো সুযোগ নেই। তার এ মন্তব্যে জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে যে, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর থাকছে না।" প্রধানমন্ত্রীর এ ঘোষণা দেশবাসী প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে আজহারুল ইসলাম বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার ব্যবস্থা সংবিধানে বহাল রাখার ব্যাপারে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ।" আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট আবারো ক্ষমতায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে নীলনকশা বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ঘোষণা দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, ত্রয়োদশ সংশোধনী নিয়ে আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার আর কোনো সুযোগ নেই। বর্তমান সংসদের মেয়াদ শেষে সংসদীয় গণতন্ত্রের নিয়মে নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। তার ওই সংবাদ সম্মেলনের পর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসরে কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। ওই বৈঠকে সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয়। রাতে চার দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। ওই বৈঠকে নিজের দলের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। এরপর বুধবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকেন। জামায়াতের সংবাদ সম্মেলনে এটিএম আজহারুল ইসলাম বলেন, "কোনো দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। বিশেষ করে প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগকে যেভাবে দলীয়করণ করেছে তাতে আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতেই পারে না।" তাই 'গণতন্ত্র রক্ষা স্বার্থে' ৫ জুন দেশব্যাপী হরতাল কর্মসূচি সফল করার জন্য দলের সব শাখার নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহবান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৭৪৮ ঘ.