২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা নারী নেত্রীদের বললেন, খালেদাকে বোঝান

নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সক্রিয় করতে নারী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 09:12 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সক্রিয় করতে নারী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সামাজিক প্রতিরোধ কমিটির সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী নারী নেত্রীদের বলেছেন, আপনারা বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সম্ভবত তিনি নারী নীতি সমর্থন করেন না- বলেই ধারণা। আমিনী সাহেব নারী নীতির বিরুদ্ধে কথা বলেছেন। তার সঙ্গেই খালেদা জিয়া বৈঠক করেছেন।" সরকার প্রণীত নারী নীতির বিরোধিতা করে চারদলীয় জোট শরিক ইসলামী ঐক্যজোটের নেতা মুফতি ফজলুল হক আমিনী হরতাল ডেকেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, নারী নীতি প্রণয়নে দেশের নারী সংগঠনগুলো কাক্সিক্ষত ভূমিকা রাখেনি। নারী নীতির বাস্তবায়ন তৃণমূল পর্যায় থেকে করা হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, "নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীদের উন্নয়নের জন্য যা করার, সরকার তাই করবে।" ডা. ফৌজিয়া খানের নেতৃত্বে সামাজিক প্রতিরোধ কমিটির নেতারা হাসিনার সঙ্গে দেখা করেন। পরে অধ্যাপক রুহুল আমিনের নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, মুখ্যসচিব এমএ করিম ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ওই সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৫১০ ঘ.