ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় ধরনের গোলযোগ ছাড়াই ১৩১টি ইউনিয়নে ভোটগ্রহণের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটগ্রহণের সুবিধায় এ সব এলাকায় ছুটি ঘোষণা করেছে সরকার।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
১৩১টি ইউনিয়নের মধ্যে শুধু ভোলায় চর ফ্যাশনের চর কুকড়ি-মুকড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
মারামারি হয়েছে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার পাটগাতি এবং মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুর চর ইউনিয়নে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন।
এছাড়া নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন স্থানে অনেককে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর কিশোরগঞ্জের সদর উপজেলার বৌলাই ইউনিয়নে ১০ জনকে সাত দিনের কারাদণ্ড হয়েছে। জালভোট দেওয়ায় টুঙ্গীপাড়ায় এক জনকে এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
গোলযোগ সৃষ্টির জন্য পাবনার বেড়ার জাতসাকিনী ইউনিয়নে তিন জন, ময়মনসিংহে ফুলপুরের ভাইটকান্দি ইউনিয়নে চার জনকে আটক করা হয়েছে।
বৃষ্টির কারণে সকালে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও দুপুরের পর তা বাড়তে থাকে।
নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও টহলে ছিলেন।
৩১ মে থেকে ৫ জুলাই পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের ইউপি নির্বাচন হবে। এ পর্যায়ে ৫৭ জেলার ৪১৪টি উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে।
এর আগে গত ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় উপকূলীয় অঞ্চলের ১২ জেলার ৭২ উপজেলার ৫৫৩ ইউপিতে নির্বাচন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯১০ ঘ.
bdnews24