ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল সেনা সদস্যের গুলিতে নিহত হন।
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার ভোরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং সকাল ১০টায় শেরেবাংলা নগরে জিয়ার কবরে পুষ্পস্তবক অপর্ণের কর্মসূচি নেওয়া হয়েছে।
মহানগর বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের আয়োজনে সোমবার থেকে টানা তিনদিন ঢাকা সিটি কর্পোরেশনের সব থানায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। এসব কর্মসূচিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অংশ নেবেন।
১৪ দিনের যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফর শেষে রোববার বিকালে দেশে ফিরেছেন খালেদা জিয়া।
দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি সারাদেশে যথাযোগ্য মর্যাদায় জিয়ার শাহাদাৎবার্ষিকী পালন করবে। এজন্য সব জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীতে খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতা-কর্মীরা সোমবার সকাল ১০টায় শেরে বাংলা নগরে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন। সকালে কবর প্রাঙ্গণে উলামা দলের মিলাদ ও দোয়া মাহফিল এবং জিসাস ও ড্যাবের উদ্যোগে রক্তদান কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম বলেন, "নেত্রী আগামীকাল থেকে তিনদিন বিভিন্ন ওয়ার্ডের দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করবেন। জিয়ার কবর জিয়ারত শেষে তিনি মোহাম্মদপুর টাউন হল থেকে এই কর্মসূচি শুরু করবেন।"
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্য। এরপর সেনাপ্রধান হন জিয়াউর রহমান। ওই বছরের ৭ নভেম্বর 'সিপাহি-জনতার বিপ্লবের' পর রাষ্ট্রপতি বিচারপতি এএসএম সায়েমের নেতৃত্বে উপ-প্রধান সামরিক আইন প্রশাসক এবং ১৯৭৭ সালের ২১ এপ্রিল প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে তিনি ক্ষমতা গ্রহণ করেন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ১৯৭৮ সালের ২১ এপ্রিল।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়া পরবর্তীকালে সেনাশাসন ও মুক্তিযুদ্ধবিরোধীদের পুনর্বাসিত করার দায়ে ব্যাপকভাবে সমালোচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৩৮ ঘ.
bdnews24