২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় সরকারের অধীনে নির্বাচন করা উচিত: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করা উচিত। সরকারের সিদ্ধান্ত নেয়া উচিত যাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর নির্বাচন না হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

সাভার, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করা উচিত। সরকারের সিদ্ধান্ত নেয়া উচিত যাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর নির্বাচন না হয়। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান সাহাবুদ্দিন আহমেদ, হাবিবুর রহমান, লতিফুর রহমান এরা কেউই আমার প্রতি সু-বিচার করেননি। এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চলে গেলেই আমি খুশি। শনিবার দুপুরে ঢাকার ধামরাইয়ের জয়পুরায় 'জার্মান-বাংলা বাইসাইকেল লিমিটেড' কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায় সম্পর্কে এরশাদ বলেন, এ রায়ে আমাদের বিজয় হয়েছে। তিনি বলেন, অনেকেই বলছেন, সদ্য বিদায়ী প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন বলেই হয়তো আগামী দুই মেয়াদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা রায়ে উল্লেখ আছে। এরশাদ এ রায়কে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন। কারখানা পরির্শনকালে এরশাদের সঙ্গে তার ছেলে এরিক এরশাদ, কারখানার মালিক ও জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব এসএম ফখরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোস্তাকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এরশাদ র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজ ছাত্র লিমনের প্রসঙ্গে বলেন, এটা দুঃখজনক। লিমন ও তার পরিবারকে সন্ত্রাসী বানানোর চেষ্টা চলছে। মহাজোট সরকার যেসব প্রতিশ্র"তি দিয়ে ক্ষমতায় এসেছে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন এরশাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০১১ ঘ.