২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়কের রূপ চূড়ান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে

তত্ত্বাবধায়ক সরকার আপাতত কিভাবে রাখা হবে সেই রূপরেখা প্রধানমন্ত্রীর সঙ্গে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 06:40 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার আপাতত কিভাবে রাখা হবে সেই রূপরেখা প্রধানমন্ত্রীর সঙ্গে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। বৃহস্পতিবারের বিশেষ কমিটির বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায় পর্যালোচনার পর এ কথা বলেন কমিটির অধিকাংশ সদস্য। একাধিক সদস্যের সঙ্গে কথা বললে তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপাতত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে। এ নিয়ে একেক জন একেক ফর্মুলা দিলেও ফায়সালা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে চূড়ান্ত বৈঠকে। গত এপ্রিলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল না করে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে নতুন পরিধিতে এ পদ্ধতি রাখার মত দেন। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি 'রাজনৈতিক সমাঝোতার' বলে বৃহস্পতিবার মন্তব্য করেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো চেয়ার‌্যমান সুরঞ্জিত সেনগুপ্ত। বিশেষ কমিটির বৈঠক শেষে তিনি বলেন, "শনিবার খসড়া প্রতিবেদন নিয়ে কমিটির সদস্যদের মত নেওয়া হবে। সংসদে তা উপস্থাপনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে চূড়ান্তভাবে বসবো আমরা"। তত্ত্বাবধায়ক সরকার কোন্ মডেলের হবে তা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেই ফায়সালা হবে বলে জানান কমিটির সদস্য এ্যাডভোকেট রহমত আলী। ফ্রান্স সফররত প্রধানমন্ত্রী শুক্রবার দেশে ফেরার কথা। গত বছরের ২১ জুলাই সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের পর এ পর্যন্ত বিরোধী দল ছাড়া সবার মতামত নিয়ে খসড়া প্রতিবেদন তৈরি করেছে। 'বিরোধী দলের মত প্রয়োজন' সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, "তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি যতটা না লেজিস্টেটিভ, তার চেয়ে বেশি পলিটিক্যাল। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিরোধী দলের উপস্থিতি ও তাদের মতামত প্রয়োজন।" বিরোধী দল সংসদে না এলে এ সমঝোতা কীভাবে হবে? জানতে চাইলে কো চেয়ারম্যান বলেন, "আমরাও রাজনৈতিক সমঝোতা চাই। আজ আসছে না, কাল তো আসতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার সহযোগিতা করবে। অতীতে বিরোধী দলের [বিভিন্ন সময়ের বিরোধী দল] এ ধরনের অবস্থান ছিল না।" বিরোধী দল সংসদে এলে বা সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনায় অংশ নিলে এতো আলোচনার প্রয়োজন হতো না বলে মন্তব্য করেন তিনি। সংবিধান সংশোধনে বিএনপির মত নিতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "তারা না এলে ইতোমধ্যে জনমতের প্রতিফলন আমরা পেয়েছি। কিন্তু বিএনপি তো সাংবিধানিকভাবে বিরোধী দল। সংসদে আসা তাদের দায়িত্ব। পছন্দ মতো প্রধান উপদেষ্টা লাগবে- এটা তো গণতান্ত্রিক আচরণ নয়। এটা সাংবিধানিক শিষ্টাচার বহির্ভূত কথা।" সুরঞ্জিত সেনগুপ্ত জানান, সংবিধান সংশোধনের খসড়া প্রতিবেদন বিশেষ কমিটির সদস্যদের কাছে পাঠানো হয়েছে। তা পর্যালোচনা করে শনিবার আবার বৈঠক হবে। "এ বৈঠকে আলোচনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চূড়ান্ত মতামত নেওয়ার জন্য সঙ্গে বসবো আমরা। এ অধিবেশনে তা সংসদে উপস্থাপন করা হবে। আশা করি, ৯ জুন বাজেট পেশের আগেই তা হতে পারে।" 'তত্ত্বাবধায়ক সরকার থাকবে' আগামী দুই মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে বলে জানান কমিটির সদস্য অ্যাডভোকেট রহমত আলী। তিনি জানান, বিশেষ কমিটির বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে কোনো ফর্মেই থাকার পক্ষে মত দিয়েছে। কয়েকজন নিজস্ব ফর্মুলা তুলে ধরেছেন; কয়েকজন সদস্য বিদ্যমান পদ্ধতিই বহাল রাখার কথা বলেছেন। এর আগে ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান সম্বলিত ত্রয়োদশ সংশোধনী বাতিল সংক্রান্ত আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় না দেখেই আসন্ন পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করা হচ্ছে। তিনি জানান, সংসদ সংবিধান সংশোধনী আনবে। সংশোধনী যদি অসাংবিধানিক হয় আদালত তা বাতিল করতে পারে। অন্তর্বতীকালীন মন্ত্রিপরিষদ সরকার ও বিরোধী দলের অংশগ্রহণে অন্তবর্তীকালীন মন্ত্রিপরিষদের ফর্মুলাও এসেছে বিশেষ কমিটিতে। এক্ষেত্রে ১৯৭৩ সালে পাকিস্তানে অন্তবর্তীকালীন মন্ত্রিপরিষদের উদাহরণ দেওয়া হয়। এ পদ্ধতি বিষয়ে জানতে চাইলে রাশেদ খান মেনন জানান, প্রধানমন্ত্রী ও বিরোধী দলের পরামর্শে রাষ্ট্রপতি অন্তবর্তীকালীন মন্ত্রিপরিষদ গঠন করবেন। এক্ষেত্রে মন্ত্রিসভার সদস্য ও পরিবার (স্ত্রী-সন্তান) পরবর্তী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। "তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান ব্যবস্থার বিকল্প হিসেবে সরকার ও বিরোধী দলের সমঝোতার ভিত্তিতে এ ব্যবস্থাও আলোচনায় এসেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/০০১৯ ঘ.

এ সম্পর্কিত আরো খবর