সিলেট, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্তের সম্পূরক অভিযোগপত্র দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুন।
বৃহস্পতিবার অভিযোগপত্র দাখিলের নির্ধারিত দিনে মামলার তদন্ত কর্মকতা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার (এএসপি) রফিকুল ইসলামের পক্ষে বিশেষ পিপি কিশোর কুমার কর সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আরো সময় চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ মো. মমিনউল্লাহ আগামী ৭ জুন সম্পূরক অভিযোগপত্র দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন।
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক পদটি প্রায় দুই মাস ধরে শূন্য থাকায় জেলা ও দায়রা জজের মাধ্যমে এ আদালতের কার্যক্রম চলছে।
বিশেষ পিপি কিশোর কুমার কর বলেন, "সম্পূরক অভিযোগপত্র চূড়ান্ত হয়ে গেছে। আশা করি, আর সময় চাওয়ার প্রয়োজন হবে না।"
গত ৩২ মাসে ৬৫ বার সময় বাড়ানোর আবেদন করার কারণ জানতে চাইলে তিনি বলেন, "ঘটনাটি চাঞ্চল্যকর। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার স্বার্থেই সময় নেওয়া হচ্ছে।"
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য কিবরিয়াসহ ৫ জন নিহত হন। তখনকার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য আব্দুল মজিদ খান হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
ওই বছর ১০ মার্চ দশ জনকে আসামি করে অভিযোগপত্র দেন সিআইডির তখনকার সিনিয়র এএসপি মুন্সী আতিকুর রহমান। তবে বাদীর আবেদনে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হাইকোর্ট মামলাটিতে অধিকতর তদন্তের নির্দেশ দেয়।
উচ্চ আদালতের নির্দেশে ২০০৮ সালের সেপ্টেম্বরে মামলাটি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামকে।
দফায় দফায় সময় বাড়ানোর পর গত বুধবার রফিকুল ইসলাম সম্পূরক অভিযোগপত্র জমা দিতে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান। কিন্তু কোর্ট ইনস্পেক্টর আব্দুল বাসেদ পরে জানান, হাকিম না থাকায় অভিযোগপত্র জমা হয়নি।
তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিবরিয়া হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও হুজি প্রধান মুফতি হান্নানসহ ১৪ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন তিনি। তবে এ মামলার পুরনো অভিযোগপত্রভুক্ত ১০ আসামির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।
তার এই বক্তব্যের ভিত্তিতে বৃহস্পতিবার সংবাদপত্রে খবরও প্রকাশিত হয়।
এদিকে মামলার বাদী ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জে সাংবাদিকদের বলেন, সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করার আগেই পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। এর প্রেক্ষিতে কিবরিয়ার পরিবার স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্পূরক অভিযোগপত্র প্রত্যাখানের কথা জানিয়েছে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিব্রত। এ কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে ঢাকায় তলব করা হয়েছে।
আব্দুল মজিদ খান বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর শেষে ফেরার পর এ মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।"
অবশ্য তদন্ত কর্মকর্তা এ ধরনের কেনো নির্দেশনা পাওয়ার কথা অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন 'যথাসময়ে' সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩২১ ঘ.
bdnews24