২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শান্তিচুক্তি বাস্তবায়নে জাতিসংঘের ভূমিকা প্রয়োজন'

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে জাতিসংঘকে বৃহত্তর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 05:27 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে জাতিসংঘকে বৃহত্তর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। আদিবাসী বিষয়ক জাতিসংঘের স্থায়ী ফোরামের (ইউএনপিএফআইআই) সাবেক সদস্য লার্স-অ্যান্ডার্স বেয়ের বলেছেন, "শান্তিচুক্তিটি খুবই ভালো, তবে সমস্যা হলো এর বাস্তবায়নে। "আমাদের ফোরাম বিষয়টি নিয়ে বহুবার কথা বললেও চট্টগ্রামে আদিবাসী জনগণের ওপর চাপ ও তাদের প্রতি সহিংসতা বেড়েছে।" জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বুধবার এসব কথা বলেন বেয়ের। ফোরামের নবম অধিবেশনে বাংলাদেশ সফর করে চুক্তি বাস্তবায়ন পরিস্থিতির একটি সমীক্ষা চালানোর দায়িত্ব দেওয়া হয় বেয়েরকে। চলমান অধিবেশনে ওই সমীক্ষানির্ভর উপস্থাপন করার কথা তার। প্রবন্ধেতে বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও জাতিসংঘ ফোরামের জন্য কিছু প্রস্তাব করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল জুম্ম অ্যাসোসিয়েশনের (আইজেএ) সভাপতি আদিত্য দেওয়ান। ইউএনপিএফআইআই-এর দশম সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন চাকমা রাজা দেবাশীষ রায়। তিনি জাতিসংঘ ফোরামে ২০১১-১৩ সালের জন্য নির্বাচিত একজন বিশেষজ্ঞ সদস্য। ১২ দিনব্যাপী এ সম্মেলন শুরু হয় গত ১৬ মে। আদিত্য দেওয়ান বলেন, শান্তিচুক্তি হওয়ার পরও সেখানে [পার্বত্য চট্টগ্রামে] শান্তি নেই। বাঙালি সেটেলার ও আদিবাসিরা একে অন্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। অথচ তার আগে কয়েক শতক তারা একসঙ্গে মিলেমিশে ছিলো। বহির্বিশ্ব এ শান্তি প্রক্রিয়ায় এগিয়ে আসাটা বাংলাদেশের জন্য লজ্জাজনক। আমরা সরকারের নীতি নিয়ে লজ্জিত। চিটাগাং হিল ট্র্যাক্টস্ কমিশনের সদস্য এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এলসা স্টামাটোপৌলৌ বলেন, সেখানে নারী ও মেয়ে শিশুরা ধর্ষণের স্বীকার হচ্ছে। গত ৫ বছর ধরে এ অবস্থার অবনতি হচ্ছেই। গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে। হত্যা, নির্যাতন, সন্ত্রাস এবং মানবাধিকারের লঙ্ঘনের মতো ঘটনা ঘটছে। তিনি আরো বলেন, "ব্যাপারটি জাতিসংঘের সঙ্গেও সম্পৃক্ত। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। বাংলাদেশ সরকার সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র তৈরির জন্য সেখানে আদিবাসীদের সরিয়ে দিচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর জন্য সেনাদের সেখানেই প্রশিক্ষণ দেওয়া হবে।" দেওয়ান বলেন, শান্তির সময় সেখানে [পার্বত্য চট্টগ্রামে] সরকারের সেনাবাহিনী মোতায়েনই বেআইনি। সেখানে কোনো সংঘর্ষ হচ্ছে না, কোনো অভ্যুত্থান হচ্ছে না।" স্টামাটোপৌলৌ বলেন, সেখানকার জনগণের দুরবস্থা ও যে হুমকির মুখে তারা আছে তা জাতিসংঘসহ আন্তর্জাতিক গোষ্ঠীগুলোকে বুঝতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/পিডি/