নিউইয়র্ক, ২৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে ওয়াশিংটনে চার প্রভাবশালী কংগ্রেস সদস্যের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার স্থানীয় সময় দুপুর ১২টায় ক্যাপিটল হিলে এই বৈঠক হয় বলে নিউইয়র্ক থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্টের (বিএপিএফ) প্রেসিডেন্ট হাসানুজ্জামান হাসান।
কংগ্রেসের বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোসেফ ক্রাউলির নেতৃত্বে কংগ্রেস সদস্য হ্যানসেন হাশিম ক্লার্ক, শিলা জেকসন লি ও ব্র্যাড শেরম্যান এই বেঠকে অংশ নেন।
হাসান বলেন, জোসেফ ক্রাউলির কার্যালয় থেকে জানানো হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসন, ব্যবসা-বাণিজ্যসহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া কংগ্রেস সদস্যদের কাছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন। কংগ্রেস সদস্যরা আশা প্রকাশ করেন, বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা পাবে। তা না হলে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য পূরণে (এমডিজি) যুক্তরাষ্ট্রের সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।
ককাসের সদস্যরা বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলেও খালেদা জিয়াকে জানান যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা।
হাসান জানান, খালেদা জিয়ার সঙ্গে ককাস সদস্যদের দেড় ঘণ্টা বৈঠক হয়।
মঙ্গলবার ওয়াশিংটনে আন্তর্জাতিক গবেষণা সংস্থা আটলান্টিক সোসাইটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম, হাওয়ার্ড শেফারসহ কূটনীতিবিদ ও বিশেষজ্ঞরা বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানান হাসান।
খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার উপদেষ্টা ওসমান ফারুক, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, এফবিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।
গত ২১ মে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে আসেন খালেদা জিয়া। ২৭ মে লন্ডন হয়ে তার দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/জেকে/১৬২৪ ঘ.
bdnews24