ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিএনপির ১৩৮ জন নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা সরকার পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।
তার দাবি, আন্দোলন দমানোর জন্যই সরকার পরিকল্পনা করছে। এ বিষয়ে সরকারকে সতর্কও করেছেন তিনি।
বিএনপির প্রচার সম্পাদক ফারুক বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেন, "আমরা জানতে পেরেছি, সরকার আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ফখরুদ্দীন-মইনুদ্দীন সরকারের আমলে ১৩৮ জন নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার তালিকা করা হয়েছে। ওই সব মিথ্যা মামলা পুনরুজ্জীবিত করে নেতাদের হয়রানি করার ষড়যন্ত্র চলছে।"
"আমরা বলে দিতে চাই, ১৩৮ জনকে কারাগারে নিয়ে তাদের মুখ বন্ধ করে কোনো লাভ হবে না। কোটি কোটি নেতা-কর্মী কারাগারের বাইরে আছে", বলেন তিনি।
মধ্যবর্তী নির্বাচনের দাবি সরকার না মানলে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন ফারুক।
বিরোধীদলীয় প্রধান হুইপ বলেন, সংসদ এখন অকার্যকর এবং এর দায় পুরোপুরি সরকারি দলের।
সমঝোতা ছাড়া সংবিধান সংশোধন হলে বিএনপি তা মেনে নেবে না বলেও জানান তিনি।
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সমালোচনা করে ফারুক বলেন, "তিনি বিচার বিভাগকে কলঙ্কিত করেছেন। আর পুরো বিচার বিভাগকে দলীয়করণ করেছে সরকার।"
বাংলাদেশ ন্যাপ-এর উদ্যোগে মওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চে দিবস উপলক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের মো. রাহমাতুল্লাহ, ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩১০ ঘ.
bdnews24